পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাবনার ভাঙ্গুড়ায় দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। রোটারি ক্লাব অব ঢাকা লিজেন্ডের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির চারা বিতরণ করা হয়।
রোববার দুপুরে উপজেলার প্রিজম প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ভাঙ্গুড়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং শাকিল আহমেদ সজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রোটারি ক্লাব অব ঢাকা লিজেন্ডের প্রোগ্রাম চেয়ারপারসন রোটারিয়ান ফারজানা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, সেন্টার ফর পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট সার্ভিসেস (সিপিডিএস) ঢাকার পরিচালক কৃষিবিদ মো. আতাউর রহমান, মো. দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম, শাহিনুর রহমান শাহিন এবং প্রিজম প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের পরিচালক মো. রাসেল আহমেদ মোল্লা। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান ফারজানা আক্তার বলেন, “মানবসেবাই রোটারির মূল আদর্শ। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং মানবকল্যাণে রোটারি বিশ্বব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি পরিবেশবান্ধব উদ্যোগ নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমরা চাই, বিতরণ করা প্রতিটি চারা একদিন বড় গাছে পরিণত হয়ে প্রকৃতি ও মানুষের কল্যাণে অবদান রাখুক।”
এ সময় উপস্থিত অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, শুধু চারা বিতরণ নয়, গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা গেলে এ কর্মসূচির প্রকৃত সুফল পাওয়া যাবে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে দুই হাজার গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে নিজ নিজ চারার সঠিক পরিচর্যা ও সংরক্ষণের আহ্বান জানানো হয়।
মতামত