আজকে পেশাগত কাজ তথা নিউজ সংগ্রহ শেষে ক্লান্ত পায়ে বাড়ির দিকে ফিরছিলাম। উদ্দেশ্য ছিল একটু দ্রুত ঘরে ফেরা। কিন্তু পথিমধ্যে চেনা মোড়ে আসতেই ঘড়ির কাঁটার কথা ভুলে মনটা বিষণ্ণতায় ভরে উঠল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একদল বখাটে যুবকের নোংরা আচরণ পথচারীদের দৃষ্টি আকর্ষণ করল। প্রকাশ্য দিবালোকে তিন তরুণী পথচারীকে অবলীলায় উত্ত্যক্ত করছে এক বখাটে, আর বাকিরা তা উপভোগ করছে! একটু প্রতিবাদ করতে চাইলে বিকৃত উল্লাস আর ঔদ্ধত্য যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের সমাজের পচে যাওয়া শেকড়টিকে।
দৃশ্যটি হয়তো নতুন কিছু নয়। দেশের বিভিন্ন অলিগলি, স্কুল-কলেজের মোড় কিংবা বাসস্ট্যান্ডে প্রায় প্রতিদিন এই চিত্র দেখা যায়। যাকে আমরা সোজা বাংলায় ‘ইভটিজিং’ বা আরও সঠিকভাবে ‘যৌন হয়রানি’ বলে থাকি, তা আজ এক ভয়ানক সামাজিক ক্যান্সারে রূপ নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো—কত দিন এই দৃশ্য আমাদের সহ্য করতে হবে?
সংবিধান অনুযায়ী স্বাধীনভাবে পথচলার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। অথচ আমাদের মা-বোন ও কন্যারা আজ ঘরের বাইরে পা রাখলে নিরাপদ বোধ করেন না। কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা সাধারণ রাস্তাঘাট—কোথাও যেন তাদের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত নয়। বখাটেদের কুরুচিপূর্ণ মন্তব্য, শ্লেষপূর্ণ দৃষ্টি কিংবা অশালীন অঙ্গভঙ্গির কারণে কিশোরী ও তরুণীদের চলাফেরা আজ সংকুচিত হয়ে পড়েছে। অনেক সময় লজ্জায় বা সামাজিক সম্মানহানির ভয়ে তারা মুখ বুজে সহ্য করে, যা তাদের মানসিকভাবে পঙ্গু করে দেয়।
এই সামাজিক অপরাধের পেছনে মূলত রয়েছে কয়েকটি গভীর কারণ। প্রথমত, পারিবারিক অনুশাসন ও নৈতিক শিক্ষার অভাব। অভিভাবকরা অনেক সময় সন্তানের অন্ধ আবদার মেটালেও সে কোথায় যাচ্ছে বা কার সাথে মিশছে, তার খোঁজ রাখেন না। দ্বিতীয়ত, আকাশ সংস্কৃতি ও ইন্টারনেটের অপব্যবহার। কোনো ধরনের ফিল্টার বা সুস্থ বিনোদনের অভাবের কারণে কিশোর-তরুণরা সহজেই অপরাধপ্রবণ হয়ে উঠছে। তৃতীয়ত, আইনের কঠোর প্রয়োগের অভাব এবং অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি। মাঝেমধ্যে বিচ্ছিন্ন কিছু অভিযান পরিচালিত হলেও এর স্থায়ী ও দৃশ্যমান কোনো প্রতিকার দেখা যায় না।
এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী? কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাই এই সামাজিক ব্যাধি দূর করতে পারবে না। এর জন্য প্রয়োজন সামগ্রিক সামাজিক প্রতিরোধ:
১. পারিবারিক সচেতনতা: সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে—তা তদারকি করার দায়িত্ব সবার আগে অভিভাবকদের নিতে হবে। তাদের মধ্যে নৈতিকতাবোধ ও নারীর প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলতে হবে।
২. সামাজিক প্রতিরোধ গড়ে তোলা: এলাকার মুরব্বি, যুবক ও সচেতন নাগরিকরা মিলে যদি বখাটেদের আড্ডাস্থলগুলোতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলেন, তবে তাদের ঔদ্ধত্য কমতে বাধ্য।
৩. আইনের কঠোর প্রয়োগ: রাস্তায় বা জনবহুল এলাকায় নিয়মিত পুলিশ টহল এবং বখাটেদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে কেউ এই ধরনের নোংরা সাহস দেখানোর আগে দুবার ভাবে।
৪. শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিং: স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে জেন্ডার সেন্সিটিভিটি ও নৈতিক শিক্ষার ওপর জোর দিতে হবে।
আজকে রাস্তার মোড়ের ওই দৃশ্যটি শুধু তিনজন তরুণীর অপমান নয়, এটি আমাদের পুরো সমাজের ব্যর্থতার চিত্র। একজন নারী স্বাধীনভাবে চলাফেরা করতে না পারলে সে সমাজের উন্নয়ন কখনোই টেকসই হতে পারে না। এখনই সময় এই বিকৃত মানসিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার। প্রশাসন, পরিবার এবং সমাজের প্রতিটি স্তর থেকে সম্মিলিত উদ্যোগ না নিলে এই বখাটেপনা আমাদের সুন্দর ভবিষ্যৎকে গ্রাস করে নেবে
মতামত