সকাল ৯টা। সোনালি ধানের শিষে হেমন্তের মৃদু বাতাস। মাঠজুড়ে ধান কাটার ব্যস্ততা। সেই ব্যস্ততার মধ্যে কাস্তে হাতে কোমর ঝুঁকিয়ে ধান কাটছেন তিন নারী। চোখেমুখে ক্লান্তি, কিন্তু হাত থামে না। সকাল ৯টা থেকে বিকেল ৪টা, টানা সাত ঘণ্টা কাজ করে দিন শেষে তাঁরা পান ৩৫০ টাকা। একই কাজে পুরুষ শ্রমিক পান ৫০০ টাকা।
তাঁরা আছিয়া বেগম, ফেলানি বেগম ও আমেনা বেগম। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের বাসিন্দা। তিনজনের বয়সই চল্লিশের বেশি। ধান কাটা, পাট ছাড়ানো, জমিতে নিড়ানি দেওয়া, কৃষির সব মৌসুমি কাজই তাঁরা করেন। রোদ, বৃষ্টি বা কাদা কিছুই তাঁদের থামাতে পারে না, কারণ একদিন কাজ বন্ধ মানে সেদিনের আয় বন্ধ।
আমেনা বেগম প্রথম স্বামী মারা যাওয়ার পর নতুন করে সংসার গড়ার স্বপ্ন নিয়ে আবার বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্বামীও একসময় ছেড়ে যান। তাঁর কোনো সন্তান নেই। নিজের খরচ নিজেকেই চালাতে হয়, তাই অন্যের জমিতে শ্রম বিক্রি করেন। প্রতিদিনের আয়ই তাঁর বেঁচে থাকার অবলম্বন।
আমেনা বেগম বলেন- সারা দিন কাম করে ৩০০ টাকা পাই, এক বেলা করলে ২০০ টাকা দেয়, সব সময় কাম থাকে না তখন মানুষের বাড়ি গিয়ে থালি খোরা মেজে দেই তারা খাবার দেয় সেটা খাই, ঈদে ফেতরা থেকে কাপড় পাই এটা দিয়ে কোন মত চলে।
আছিয়া বেগম প্রথম স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয়বার সংসার শুরু করেন। এখন দ্বিতীয় স্বামী মানসিকভাবে অসুস্থ। তাঁদের দুই সন্তান। সন্তানরা সবাই বিবাহিত, সংসারের প্রয়োজন মেটানো আর জীবনের খরচ চালাতে নিজের দুশ্চিন্তা সরিয়ে রেখে প্রতিদিন তাঁকে মাঠে নামতে হয়।
আছিয়া বেগম বলেন- আমার আগের স্বামীর একটা মেয়ে আছে, পরের স্বামীর দুইটা বাঁচ্চা, দুই জনের বিয়ে দিছি, আমার স্বামীর আগের তিনটা বউ ছিল জমি জমা তেমন নাই যা আছে তা টুকটাক চাষ করি, কোন মত সংসার চলে।
ফেলানি বেগম স্বামীহারা। তাঁর এক ছেলে ও এক মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। জীবনের বড় একটা সময় তিনি অন্যের জমিতে শ্রম দিয়ে কাটিয়েছেন। নিজের শ্রমের ওপর ভর করেই সামলেছেন জীবনের নানা বাস্তবতা।
ফেলানি বেগম চোখ মুছছতে মুছতে বলেন- কয়েক বছর ধরে অন্যের জমিতে কাজ করি,
সোয়ামি নাই, ছেলে জুদা খায়, তার বউ বাচ্চা নিয়ে সে কোন মত চলে, দুইটা গরু আছে একনা জমি আছে ওকনে চাষ করি গরু দুইটা দেখি আর মৌসুমে অন্যের জমিতে কাম করি কোন মতে চলি, বয়স হইছে কতই আর শরীর সয় আগের মত আর শরীর কুলায় না,তবুও করতে হয়।
স্থানীয় শ্রমিকদের তথ্যমতে, এই এলাকায় ধান কাটার কাজে নারী শ্রমিকের দৈনিক মজুরি ৩৫০ টাকা, আর পুরুষ শ্রমিকের ৫০০ টাকা। অর্থাৎ নারী শ্রমিক প্রতিদিন পুরুষের চেয়ে ১৫০ টাকা কম পান, যা প্রায় ৩০ শতাংশ কম। মাসে ২৬ দিন কাজ পেলে একজন নারী শ্রমিকের আয় দাঁড়ায় ৯ হাজার ১০০ টাকা, আর পুরুষ শ্রমিকের ১৩ হাজার টাকা। ব্যবধান ৩ হাজার ৯০০ টাকা। তবে নিয়মিত ২৬ দিন কাজ পাওয়া বাস্তবে নিশ্চিত নয়, কাজ নির্ভর করে মৌসুম ও জমির মালিকের চাহিদার ওপর।
মজুরির এই পার্থক্য নিয়ে স্থানীয় কৃষক আতিকুর রহমানের ব্যাখ্যা ভিন্ন। বেলকা ইউনিয়নের কিসামত সদর ওয়ার্ডের বাসিন্দা এই কৃষকের পাঁচ বিঘা জমি আছে। তিনি বলেন, "পুরুষ শ্রমিকদের মজুরি বেশি, তাই নারী শ্রমিক নিলে সুবিধা হয়। তবে তাঁরা পুরুষের মতো এত ভালো কাজ করতে পারেন না।"
অথচ মাঠে নারী ও পুরুষ শ্রমিক প্রায় একই সময় ধরে একই ধরনের কাজ করেন।
সাংবাদিক সুদীপ্ত শামীম বলেন, কৃষিতে নারীর অবদান গুরুত্বপূর্ণ হলেও মজুরি বৈষম্য ও যথাযথ স্বীকৃতির অভাব তাঁদের শ্রমের মর্যাদাকে প্রতিনিয়ত ক্ষুণ্ন করছে।
সমাজকর্মী রনজু মিয়া বলেন, নারী শ্রমিকদের মজুরি বৈষম্যের অন্যতম কারণ সামাজিক দৃষ্টিভঙ্গি ও অধিকার সম্পর্কে সচেতনতার অভাব। তবে নারীরা সংগঠিত হয়ে নিজেদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
সমাজকর্মী মোছা: মেরিনা আক্তার বলেন, সমান কাজে নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী শ্রমিকদের সামাজিক সুরক্ষা, সহজ ঋণ ও সরকারি সুযোগ-সুবিধা বাড়ানো জরুরি।
বাংলাদেশের গ্রামীণ কৃষি অর্থনীতিতে নারীর অবদান বহুমাত্রিক। বীজ সংরক্ষণ, চারা তৈরি, রোপণ, আগাছা পরিষ্কার, পাট ছাড়ানো, ধান মাড়াই ও ফসল সংরক্ষণসহ নানা পর্যায়ে নারীরা শ্রম দেন। অনেকে সরাসরি মাঠে পুরুষের পাশাপাশি কাজ করেন। অথচ তাঁদের শ্রমের মূল্যায়ন ও পারিশ্রমিকের প্রশ্নটি প্রায়ই আড়ালে থেকে যায়।
বিবিএস শ্রমশক্তি জরিপ ২০২২ অনুযায়ী কর্মজীবী নারীর ৭৪% কৃষিতে নিয়োজিত; কৃষিশ্রমিকের দৈনিক মজুরি পুরুষের ক্ষেত্রে গড়ে প্রায় ৬২৮ টাকা, নারীর ক্ষেত্রে ৪৬১ টাকা (বিবিএস); সুন্দরগঞ্জে কৃষিশ্রমিকের সংখ্যা প্রায় ১ লক্ষাধিক।
দিন শেষে এই নারীদের হাতে আসে কয়েকশ টাকা। সেই টাকায় চলে সংসারের খরচ আর দৈনন্দিন জীবন। ধানের শিষের নিচে মিশে আছে তাঁদের ঘাম। তাঁদের হাতের কাস্তেতে ভরে ওঠে কৃষকের গোলা, বাজারে আসে নতুন ধান। অথচ নিজেদের জীবনে স্বস্তি ও নিশ্চয়তা এখনো অনেক দূরে। ন্যায্য মজুরি, শ্রমের স্বীকৃতি ও সামাজিক মর্যাদা কৃষি অর্থনীতিরই গুরুত্বপূর্ণ দাবি।
মতামত