চীনের ২০তম আন্তর্জাতিক কৃষি-খাদ্য সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী শাকিল আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর চীনের বেইজিং শহরের "জিনহাই লেক ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন" সেন্টারে টানা তিন দিনব্যাপী এই বৈশ্বিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— "কৃষি-খাদ্য সবুজ ও স্বাস্থ্যকর রূপান্তর (Green and Healthy Transformation of Agri-food Systems)"।
বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন ত্বরান্বিত করার লক্ষ্যে এই সম্মেলন আয়োজিত হতে যাচ্ছে। এতে জাককানইবির শিক্ষার্থী শাকিল আহমেদ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য গবেষক, নীতি-নির্ধারক ও তরুণ উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন।
আন্তর্জাতিক এই মঞ্চে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করায় শাকিল আহমেদকে ঘিরে ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।
মতামত