নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১৩(১) ধারা অনুযায়ী তাকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও উপাচার্য কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বর্তমানে পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতার সমন্বয়ে নোবিপ্রবির আর্থিক প্রশাসন আরও গতিশীল হবে বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা।
মতামত