সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের গ্রাফিক ডিজাইন টেকনোলজি বিভাগের (দ্বিতীয় শিফট) জুনিয়র ইনস্ট্রাক্টর আবু বক্কর সিদ্দিকের বদলিজনিত কারণে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের গ্রাফিক ডিজাইন টেকনোলজির পঞ্চম পর্বের (দ্বিতীয় শিফট) শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে প্রিয় শিক্ষককে এই বিদায়ী সম্মাননা ও সংবর্ধনা জানানো হয়।
আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে বিদায়ী শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন করেন। সংবর্ধনা আয়োজনে উপস্থিত ছিলেন প্রিন্টিং টেকনোলজি বিভাগের (দ্বিতীয় শিফট) প্রধান প্রশিক্ষক ও বিভাগীয় প্রধান মো. আলী হোসেন এবং গ্রাফিক ডিজাইন টেকনোলজির জুনিয়র ইনস্ট্রাক্টর মোহাম্মদ সারওয়ার হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রিন্টিং টেকনোলজি বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর মো. সেজান মাহমুদ ও জুয়েল কান্তি হাওলাদার।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকের স্মৃতিচারণ করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। প্রিন্টিং টেকনোলজির বিভাগীয় প্রধান মো. আলী হোসেন তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সামনে এগিয়ে নিতে গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে আবু বক্কর সিদ্দিক যেভাবে নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন, নতুন কর্মস্থলেও তিনি ঠিক একই ধারায় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবেন বলে প্রত্যাশা করছি।
অন্যদিকে, সহকর্মীর বিদায় বেলায় জুনিয়র ইনস্ট্রাক্টর মোহাম্মদ সারওয়ার হোসেন তার বক্তব্যে বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি যেমন গুণাবলির অধিকারী, আমরা আশা করি নতুন প্রতিষ্ঠানেও তিনি ঠিক তেমনি যোগ্য ও আদর্শ শিক্ষার্থী গড়ে তুলতে সক্ষম হবেন।
আয়োজনের সমাপনী বক্তব্যে বিদায়ী শিক্ষক আবু বক্কর সিদ্দিক শিক্ষার্থীদের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, অতীতে যেমন শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে ছিলাম, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। কর্মস্থল পরিবর্তন হলেও শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সর্বদা পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে এমন সুন্দর ও সম্মানজনক একটি বিদায় সংবর্ধনা আয়োজনের জন্য পঞ্চম পর্বের শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
মতামত