দিনাজপুর সদর উপজেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন এবং গৃহহীনদের জন্য ঘর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি উপকারভোগীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ, বাইসাইকেল, সেলাই মেশিন ও ঘরের বরাদ্দপত্র তুলে দেন।
এ সময় তিনি বলেন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন, উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন্নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫–২৬ অর্থবছরে ১৭৪ জন শিক্ষার্থীকে মোট ৭ লাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক স্তরের ৮৯ জন, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫৩ জন এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ৩২ জন শিক্ষার্থী রয়েছে।
এ ছাড়া ২৭ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ১৮ জনকে সেলাই মেশিন এবং পাঁচটি গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করা হয়।
মতামত