বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র্যাগিংমুক্ত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। এতে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ১৭তম ও ১৮তম ব্যাচের শ্রেণি প্রতিনিধি (সিআর) অংশ নেন।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, র্যাগিং একটি অমানবিক ও শাস্তিযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের র্যাগিং, মানসিক হয়রানি কিংবা বৈষম্যমূলক আচরণের স্থান নেই। তিনি বলেন, নবীন শিক্ষার্থীদের জন্য নিরাপদ, বন্ধুত্বপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদেরই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে র্যাগিংমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। র্যাগিং-সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি শিক্ষার্থীদের নির্ভয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানাতে এবং র্যাগিং প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ১৭তম ব্যাচের ছয়জন এবং ১৮তম ব্যাচের ছয়জন শিক্ষার্থীকে নিয়ে পৃথক দুটি র্যাগিং প্রতিরোধ কমিটি গঠন করা হয়। নবীন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এসব কমিটি কাজ করবে।
মতামত