জুলাই গণ-অভ্যুত্থানের শিক্ষা ধারণ করে ন্যায়, সাম্য, অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ১১০৭ নম্বর কক্ষে ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগ কোরআন ও হাদিসভিত্তিক জ্ঞানচর্চা এবং সেই জ্ঞানকে ব্যক্তি ও সমাজজীবনে ধারণ ও প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিগত ফ্যাসিবাদী শাসনামলে বিভাগের ভূমিকা ও অবস্থান নিয়ে আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে। তাঁর ভাষায়, জুলাই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের জুলুম, বৈষম্য ও অধিকারহরণের বিরুদ্ধে সাধারণ মানুষের গণপ্রতিরোধ।
তিনি বলেন, "ফ্যাসিবাদের সমর্থক ও সুবিধাভোগীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করাই এখন আমাদের অন্যতম প্রধান অঙ্গীকার। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে হবে এবং ব্যক্তিগত আক্রমণ ও চরিত্রহননের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।"
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক চর্চার পরিবর্তে শিক্ষা, গবেষণা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা প্রয়োজন। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে নৈতিক ও আদর্শনিষ্ঠ হতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "কোরআন-সুন্নাহর আদর্শে অটল থেকে সত্য, ন্যায় ও শৃঙ্খলার পথে এগিয়ে যেতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে মানুষের অধিকার ও সম্মান রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের শিক্ষা ধারণ করে ন্যায়, সাম্য, অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।"
ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মো. আজম খান, বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক ড. ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিকসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক। আলোচনা সভায় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মতামত