পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এক ব্যতিক্রমধর্মী "স্কুল পরিচ্ছন্নতা অভিযান" অনুষ্ঠিত হয়েছে।
"Clean Nandail, Clean Mymensingh" স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা, আগাছা অপসারণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহিরুল ইসলাম মল্লিকের নেতৃত্বে পুরো কার্যক্রম পরিচালিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাইজুল ইসলাম । এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহিরুল ইসলাম মল্লিক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু বিদ্যালয় নয়, নিজেদের বাড়ি, আশপাশের পরিবেশ এবং সমাজকে পরিচ্ছন্ন রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। পরিচ্ছন্ন পরিবেশই সুস্থ ও সুন্দর জীবনের অন্যতম পূর্বশর্ত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পরিবেশ সংরক্ষণের মানসিকতা গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও বিদ্যালয়ে নিয়মিত এমন সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শিক্ষা পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতামত