নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পঞ্চম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। দীর্ঘ একাডেমিক জীবন, প্রশাসনিক দক্ষতা এবং গবেষণায় উল্লেখযোগ্য অবদানের কারণে তিনি দেশের উচ্চশিক্ষা অঙ্গনে পরিচিত একটি নাম।
২০০৯ সালে পবিপ্রবির ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন ড. হাছান উদ্দীন। পরবর্তীতে ধাপে ধাপে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি গ্রেড-২ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবেও দায়িত্বে রয়েছেন।
একাডেমিক দায়িত্বের পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও রয়েছে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা। তিনি তিন দফায় ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রফেশনাল এমবিএ (পিএমবিএ) প্রোগ্রামের পরিচালক, বিজনেস ক্লাবের সভাপতি, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, প্রোগ্রাম অ্যাডভাইজার এবং চিফ প্যাট্রনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করে আসছেন।
গবেষণাক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তাঁর একটি বইয়ের অধ্যায় প্রকাশিত হয়েছে এবং দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে ৫০টি গবেষণা প্রবন্ধ প্রকাশ পেয়েছে। বর্তমানে তিনি তিনটি গবেষণা প্রকল্পে কাজ করছেন। এর আগে ছয়টি গবেষণা প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছেন। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (HEQEP)-এ সহকারী প্রকল্প ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শিক্ষার্থীদের গবেষণা ও ইন্টার্নশিপ কার্যক্রমে তাঁর সম্পৃক্ততাও উল্লেখযোগ্য। শিক্ষকতা জীবনে প্রায় ৫২৫ জন শিক্ষার্থীর গবেষণা ও ইন্টার্নশিপ কার্যক্রম তত্ত্বাবধান করেছেন তিনি।
পবিপ্রবি ব্যাবসার প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান বলেন, " অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন আমার দীর্ঘদিনের সহকর্মী। আমরা দীর্ঘ সময় একই অনুষদে একসঙ্গে কাজ করেছি। তাঁর পেশাগত দক্ষতা, সততা ও নেতৃত্বের গুণ খুব কাছ থেকে দেখেছি। তিনি তিন দফায় ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের পরিচালক এবং সহকারী পরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সফলভাবে পালন করেছেন।"
তিনি বলেন, "একজন শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাঁর আন্তরিক, সহজ-সরল ও বন্ধুসুলভ আচরণ শিক্ষার্থীদের মধ্যে আস্থা ও শ্রদ্ধার পরিবেশ তৈরি করেছে। অনুষদের আউটকাম-বেইজড কারিকুলাম প্রণয়ন এবং এমবিএ ও প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের নীতিমালা তৈরিতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।"
নোবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে তাঁর নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, "ড. হাছান উদ্দীন ফাইন্যান্স বিষয়ের একজন অধ্যাপক। তাই তাঁকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। তাঁর একাডেমিক জ্ঞান, প্রশাসনিক অভিজ্ঞতা, আর্থিক ব্যবস্থাপনার দক্ষতা ও সততা এ দায়িত্ব সফলভাবে পালনে সহায়ক হবে। আমার বিশ্বাস, নোবিপ্রবি একজন দক্ষ, বিচক্ষণ ও দূরদৃষ্টিসম্পন্ন কোষাধ্যক্ষ পেয়েছে।"
গবেষণা কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, "ড. হাছান উদ্দীনের ৫০টির বেশি দেশি-বিদেশি জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর কয়েকটি গবেষণায় আমিও সহলেখক ছিলাম। বিশ্বব্যাংকের অর্থায়নে হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (HEQEP)-এর আওতায় আমাদের অনুষদে আইটি ও ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপনে তিনি অ্যাসোসিয়েট প্রজেক্ট ম্যানেজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গবেষণা, ব্যবস্থাপনা ও প্রশাসনিক দায়িত্ব পালনে তাঁর অভিজ্ঞতা তাঁকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছে। আমি বিশ্বাস করি, নোবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেও তিনি সফলতার স্বাক্ষর রাখবেন।"
শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি অর্থনীতি, রাষ্ট্রনীতি এবং সমসাময়িক নানা ইস্যুতে জাতীয় গণমাধ্যমে নিয়মিত মতামতধর্মী নিবন্ধও লিখে থাকেন ড. মো. হাছান উদ্দীন।
মতামত