নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে চার শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করার পাশাপাশি সংশ্লিষ্ট কোর্সের পরীক্ষাও বাতিল করা হয়েছে।
রোববার (২ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৪০তম ও ৪১তম সভা এবং গত ১৬ জুলাই অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৭০তম সভার সিদ্ধান্তের আলোকে এ শাস্তি কার্যকর করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ফার্মেসি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের (প্রথম বর্ষ, প্রথম টার্ম) এক শিক্ষার্থী অ্যাডভান্স ফার্মাকোলজি (M-102) কোর্সের পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে নকল করার দায়ে এক বছরের (দুই টার্ম) জন্য বহিষ্কৃত হয়েছেন। একই সঙ্গে তার ওই কোর্সের পরীক্ষাও বাতিল করা হয়েছে।
একই ধরনের অভিযোগে প্রাণিবিদ্যা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের (চতুর্থ বর্ষ, দ্বিতীয় টার্ম) এক শিক্ষার্থী জুল-৪২০৫ কোর্সের পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে নকল করায় এক বছরের (দুই টার্ম) বহিষ্কারাদেশ পেয়েছেন। তার সংশ্লিষ্ট পরীক্ষাও বাতিল করা হয়েছে।
এদিকে, এফটিএনএস বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের (চতুর্থ বর্ষ, দ্বিতীয় টার্ম) এক শিক্ষার্থী এফটিএনএস-৪২০৭ কোর্সের পরীক্ষায় অবৈধ কাগজপত্র ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে ছয় মাসের (এক টার্ম) জন্য বহিষ্কৃত হয়েছেন।
একই শাস্তি দেওয়া হয়েছে ফলিত গণিত বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের (প্রথম বর্ষ, দ্বিতীয় টার্ম, এমএস) এক শিক্ষার্থীকে। তিনি এমএএম-২০৭ কোর্সের পরীক্ষায় অবৈধ কাগজপত্র ব্যবহারের দায়ে ছয় মাসের (এক টার্ম) বহিষ্কারাদেশ পেয়েছেন। উভয়ের ক্ষেত্রেই সংশ্লিষ্ট কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, টার্ম পরীক্ষা চলাকালে নকলের উপকরণ সঙ্গে রাখা, সেখান থেকে উত্তর লেখা কিংবা মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে প্রধান পর্যবেক্ষক তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরীক্ষা বাতিল করে পরীক্ষার হল থেকে বহিষ্কার করেন।
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কৃত শিক্ষার্থীদের ওই সেমিস্টারের অন্যান্য পরীক্ষার ফল বহাল থাকবে। তবে বহিষ্কারের মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের আগে প্রত্যেককে বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্টের অধীনে তিনটি মনস্তাত্ত্বিক কাউন্সেলিং সেশন সম্পন্ন করে সনদপত্র জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে অসদুপায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত