পাবনার ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের ৫২ জন কৃতি শিক্ষার্থীকে পদক প্রদান করা হয়েছে। রোববার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ডা. মমতাজ খানম শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দেন।
জানা যায়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জন শিক্ষার্থী মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে ভর্তি হয়। বর্তমানে তারা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীর সাফল্যকে উৎসাহিত করতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. মমতাজ খানম তার ব্যক্তিগত উদ্যোগে তাদের পুরস্কৃত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও আজীবন দাতা সদস্য ডা. মো. গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিকুজ্জামান এবং সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পদক ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
মতামত