ফরিদপুরের সালথায় বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্রিটিশ আমলে নির্মিত একটি টিনশেড বসতঘর পুড়ে ছাই হয়েছে। আগুনে ঘরের প্রায় সব মালামাল পুড়ে ও পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় তাদের ১০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া বোসবাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটির মালিক ডা. চন্দ্র শেখর বোস ঢাকায় থাকেন। তাঁর বাড়িতে ৭০ বছর বয়সী শেফালী রানি বকশি দুই নাতিকে নিয়ে বসবাস করতেন। আগুন লাগার সময় তাঁরা ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঝুঁকি নিয়ে তাঁদের ঘর থেকে নিরাপদে বের করে আনেন।
মিটারে বিকট শব্দ, এরপরই আগুনের ফুলকি
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে হঠাৎ বৈদ্যুতিক মিটার বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই মিটার থেকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে ঘরে। স্থানীয়রা প্রথমে বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় তাঁদের চেষ্টা ব্যর্থ হয়।
বিদ্যুৎ অফিসে ফোন, এক অফিস থেকে আরেক অফিসে ‘ঠেলাঠেলি’!
অগ্নিকাণ্ডের সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে বিদ্যুৎ বিভাগের ভূমিকা নিয়ে। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সালথা অফিসে ফোন করা হলে তাঁদের নকুলহাটি অফিসে যোগাযোগ করতে বলা হয়। সেখানে যোগাযোগের পর আবার কানাইপুর জোনাল অফিসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।
এভাবে এক অফিস থেকে আরেক অফিসে যোগাযোগের পরামর্শ পেতে পেতে মূল্যবান সময় চলে যায়। আর সেই সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নিয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের প্রশ্ন—আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করা গেলে কি ক্ষয়ক্ষতি এতটা ভয়াবহ হতো?
পুড়েছে শতবর্ষী খাট, আসবাব ও মন্দিরের সামগ্রী
আগুনে শালকাঠের তৈরি পুরোনো টিনশেড ঘরটির ব্যাপক ক্ষতি হয়েছে। পরিবারের দাবি, ঘরে প্রায় ১০০ বছরের পুরোনো দুটি খাট, মূল্যবান আসবাবপত্রসহ কালীমন্দিরের বিভিন্ন সামগ্রী ছিল। আগুনে এসব সামগ্রীর অধিকাংশই সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নেভাতে ব্যবহৃত পানিতেও অনেক মালামাল নষ্ট হয়েছে।
খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘর ও অধিকাংশ মালামাল পুড়ে যায়।
সালথা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল জলিল বলেন, “সংবাদ পাওয়ার ৮ থেকে ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। স্থানীয়দের সহায়তায় প্রায় ৫০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।”
অভিযোগের বিষয়ে উপজেলা সাব-জোনাল অফিসের এজিএম মো. মহিদুল ইসলাম মেহেদি বলেন, “আগুন লাগার বিষয়টি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। আগুন লাগার খবর পাওয়া মাত্রই বিদ্যুৎ সংযোগ বন্ধ করার কথা। কেন তা করা হয়নি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের দাবি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যদি দ্রুত ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আগুনের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব ছিল। এখন তদন্তের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে দেরির প্রকৃত কারণ বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
মতামত