নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মোতালেব (বি.কম, বি.এড)-এর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের শিক্ষা বিস্তারে অবদান স্মরণ করে বক্তারা তাঁর আদর্শ অনুসরণে নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
রোববার (২ আগস্ট) বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত স্মরণসভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেলায়েত হোসেন স্বপনের অনুপস্থিতিতে প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম। তিনি বলেন, "আমার বাবা বিশ্বাস করতেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু ভবন নয়, এটি একটি সমাজ গড়ার কারিগর। তাঁর স্বপ্ন ছিল এই বিদ্যালয় থেকে আলোকিত মানুষ তৈরি হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ আব্দুর রহিম। শুরুতে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল আলম সিদ্দিকী।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগির, গোলাম রব্বানী এবং অভিভাবক প্রতিনিধি আব্দুল মালেক।
বক্তারা বলেন, মরহুম আব্দুল মোতালেব ছিলেন একজন দূরদর্শী শিক্ষানুরাগী। তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত সিরাজপুর উচ্চ বিদ্যালয় আজ এলাকার শিক্ষার অন্যতম বাতিঘর হিসেবে পরিচিত। তাঁর কর্ম, সততা ও শিক্ষা বিস্তারে অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এদিন সকালেই মরহুমের রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ে আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আবু ছায়েদ।
অনুষ্ঠানের সমাপ্তিতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
দোয়া ও আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
তাঁদের উপস্থিতিতে পুরো আয়োজনটি এক আবেগঘন ও স্মরণীয় পরিবেশের সৃষ্টি করে, যেখানে প্রতিষ্ঠাতার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
মতামত