দাপ্তরিক শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। পরিদর্শনকালে বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেলে তাদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হাসান উদ্দীনকে সঙ্গে নিয়ে উপাচার্য প্রশাসনিক ভবনের বিভিন্ন শাখা ও দপ্তর ঘুরে দেখেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দাপ্তরিক কার্যক্রম এবং অফিস পরিচালনার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হওয়া, দেরিতে কর্মস্থলে আসা এবং অফিস চলাকালে দায়িত্বস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং প্রশাসনিক শৃঙ্খলা জোরদার করতেই এ আকস্মিক পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়।
পরিদর্শনের সময় বিভিন্ন দপ্তরে প্রায় ২০ জন কর্মকর্তা ও কর্মচারীকে কর্মস্থলে পাওয়া যায়নি। পরে উপাচার্য তাদের নামের তালিকা প্রস্তুতের নির্দেশ দেন এবং অনুপস্থিতির কারণ লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হবে বলে জানান।
উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “আজ ট্রেজারারকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর পরিদর্শন করেছি। বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেছে। তাদের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রত্যেকের কাছ থেকে অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হবে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মতামত