ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিবন্ধিত সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি মার্শাল আর্ট সায়েন্স অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ অর্থবছরের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-ফিকহ্ অ্যান্ড ল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান উল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন মনোনীত হয়েছেন।
রবিবার (২ আগস্ট) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ, প্রভাষক মাসুদ রানা, প্রভাষক সাথী খাতুন, ড. শেখ শেখ মোস্তাফিজুর রহমান ও ড. আসাদুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানান হয়। এতে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ফারহানা নাসরিন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তিথি খাতুন, অর্থ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন সাজিদ, দপ্তর সম্পাদক আহফিন হাসান ও সদস্য-সচিব সুমাইয়া বিনতে আজম।
এসময় নবনির্বাচিত সভাপতি ইরফান উল্লাহ বলেন, প্রতিষ্ঠাকালীন লক্ষ্য, উদ্দেশ্য অনুযায়ী নতুন কমিটির ধারাবাহিকতা বজায় রাখব। শিক্ষার্থীদের জন্য আত্মরক্ষা, শারীরিক ও মানসিক সক্ষমতা উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশে আমরা বৃহৎ পরিসরে কাজ করব। আমাদের সর্বপ্রথম কাজ হবে নবীন সদস্য সংগ্রহ করা। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রশিক্ষক, সাবেক নেতৃবৃন্দ এবং সকল সদস্যের সহযোগিতা নিয়ে আমরা সংগঠনটিকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে চাই।
উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়ে Islamic University Martial Art Science Association (IUMASA) শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক মার্শাল আর্ট শিক্ষা, আত্মরক্ষা, শারীরিক সক্ষমতা, নেতৃত্ব ও শৃঙ্খলা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মতামত