ডিজিটাল নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় আয়োজিত এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিস। এতে সহযোগিতা করে KiK ও GIZ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্বে থাকা অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এ সময়ে ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের দক্ষতার পাশাপাশি সাইবার নিরাপত্তা, তথ্যের গোপনীয়তা ও ডিজিটাল নৈতিকতা সম্পর্কে সচেতন হতে হবে। এ ধরনের প্রশিক্ষণ দায়িত্বশীল ডিজিটাল নাগরিক গড়ে তুলতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান বক্তা মোহাম্মদ আবদুল মাবুদ সাইবার অপরাধের বিভিন্ন ধরন, অনলাইন প্রতারণা প্রতিরোধ, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবস্থাপনা, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল সুরক্ষা এবং সাইবার ঝুঁকি মোকাবিলার বিভিন্ন কৌশল তুলে ধরেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজকেরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
মতামত