নোয়াখালীর সেনবাগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী ও ‘ফ্যাসিস্টমুক্ত দিবস’ উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে সেনবাগ বাজার সংলগ্ন সেনবাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১১ দলীয় জোটের আওতাধীন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল আবছারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সেনবাগের গণমানুষের নেতা অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমেদ।
সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হুদা মিলন, প্রচার সম্পাদক মাওলানা কেফায়েত উল্লাহ, পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজী, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সাবেক সভাপতি মো. দাউদ ইসলাম, ৬ নম্বর কাবিলপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু শাকের, ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক মামুন হোসেন, এনসিপির সেনবাগ উপজেলা নেতা মোবাশ্বের হোসেন এবং ইসলামী ছাত্রশিবির সেনবাগ উপজেলা দক্ষিণ আদর্শ সাথী শাখার সভাপতি ফয়েজুল ইসলাম।
এ ছাড়া সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও আত্মত্যাগকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সেনবাগ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবি জানান।
পরে মিছিলটি নির্ধারিত স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় সেনবাগ বাজার এলাকায় এসে শেষ হয়। এর মধ্য দিয়ে ১১ দলীয় ঐক্য জোটের আয়োজিত কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
মতামত