বান্দরবানের আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাতামুহুরি পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসটির হেলপার নিহত এবং চালকসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে আলীকদম-লামা-চকরিয়া সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় আলীকদম কলেজসংলগ্ন ঢালু অংশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চকরিয়া থেকে যাত্রী নিয়ে মাতামুহুরি পরিবহনের বাসটি আলীকদমের দিকে যাচ্ছিল। পথে আলীকদম কলেজসংলগ্ন ঢালু এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির একটি চাকা ব্লাস্ট হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং হেলপার নিহত ও চালকসহ ১১ জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বাসটির হেলপার মারা যান।
আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. মনচুর আলম বলেন, “তারাবুনিয়া এলাকায় একটি বাসের চাকা ব্লাস্ট হয়ে দুর্ঘটনা ঘটে। এতে হেলপার নিহত এবং চালকসহ ১১ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।”
আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) নিশাত বড়ুয়া বলেন, চকরিয়া থেকে আলীকদম আসার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি ফিটনেসবিহীন অবস্থায় যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল কি না, তা নিয়ে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আলীকদম-লামা-চকরিয়া সড়কে পুরোনো ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচলের কারণে প্রায়ই যাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে হয়।
তবে দুর্ঘটনাকবলিত বাসটির ফিটনেস ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং বাসটির কাগজপত্র ও ফিটনেস-সংক্রান্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
দুর্ঘটনায় হেলপার নিহত এবং চালকসহ ১১ জন আহত হওয়ার ঘটনায় আলীকদম-লামা-চকরিয়া সড়কে যানবাহনের নিরাপত্তা ও ফিটনেস নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা সড়কটিতে নিয়মিত যানবাহনের ফিটনেস পরীক্ষা, চালকদের দক্ষতা যাচাই এবং ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মতামত