নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও গরুবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার হাজিরহাট তালবাড়িয়া গ্যাসপাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া এলাকার আক্কাস আলী (৫৮) ও তার ছোট ভাই জাহাঙ্গীর আলম (৪৮)।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতরা নছিমনে করে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে বাসটির সামনের অংশ ও কাচ ক্ষতিগ্রস্ত হয়ে দুমড়েমুচড়ে যায়। তবে বাসে থাকা কোনো যাত্রী হতাহত হননি। নছিমনে থাকা তিন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন।
পুলিশ জানায়, আব্দুর রহমান বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আক্কাস আলীকে বড়াইগ্রাম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর আহত জাহাঙ্গীর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান।
মতামত