সৌদি আরবে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১২ জনসহ ১৭ বাংলাদেশি নিহতের আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাঁচজনও রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে নিহতের সংখ্যা ও পরিচয় এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
রোববার (৯ আগস্ট) রাতে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হওয়ার তথ্য তিনি পেয়েছেন। তবে নওগাঁসহ দেশের বিভিন্ন জেলার কতজন নিহত হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য যাচাই করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে নিহতের আশঙ্কা করা ১৭ বাংলাদেশির মধ্যে ১২ জন আত্রাই উপজেলার গন্ডগোহালি, ডুবাই, বৈঠাখালি, খনজোর, পারকসুন্দা, দিঘিরপাড়সহ বিভিন্ন গ্রামের বাসিন্দা। অপর পাঁচজন নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, নিহতদের মধ্যে আত্রাইয়ের গন্ডগোহালি গ্রামের একই পরিবারের গুফফার প্রামানিক ও তাঁর দুই ছেলে মহুন প্রামানিক এবং সুমন প্রামানিক রয়েছেন। এ ছাড়া আরও কয়েকজনের নাম স্থানীয়ভাবে পাওয়া গেছে। তবে তাঁদের পরিচয়ও এখনো সরকারি সূত্রে নিশ্চিত হয়নি।
অগ্নিকাণ্ডের খবর দেশে পৌঁছানোর পর আত্রাইয়ের বিভিন্ন গ্রামে স্বজনদের মধ্যে শোক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। যাঁদের স্বজন সৌদি আরবে ওই কারখানায় কর্মরত ছিলেন, তাঁরা প্রিয়জনের খোঁজে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
নওগাঁ জেলা প্রশাসক জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য যাচাই চলছে। যাচাই শেষে নিহতদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।
এদিকে নিহতদের প্রকৃত সংখ্যা ও পরিচয় দ্রুত নিশ্চিত করে মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
মতামত