বরগুনার বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি ও যুক্তিভিত্তিক চিন্তার বিকাশে ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’ ও ‘ডিবেট ক্লাব’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসক কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগে প্রদত্ত তিন বছর মেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এবং উপজেলা প্রশাসন, বেতাগী-এর বাস্তবায়নে আজ দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটির মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।
বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শাহিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন এবং বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ হাওলাদার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ কামাল হোসেন খানসহ স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, "শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ইংরেজি ও অন্যান্য ভাষায় পারদর্শী হতে হবে। পাশাপাশি যুক্তিভিত্তিক সমাজ গঠনে বিতর্কচর্চা অত্যন্ত জরুরি।" তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরণের উদ্যোগের প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
মতামত