দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে মোট **১২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোঃ বোরহান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, রংপুর বিভাগের আট জেলার ১৮টি বিদ্যালয় থেকে এবার ১২৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে একজনও উত্তীর্ণ হতে পারেনি।
শূন্য পাস করা বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ স্কুল, যেখানে ১৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। একই উপজেলার ঘাসিপুর উচ্চ স্কুলে অংশ নেয় ১৫ জন।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঁচজন এবং পলাশবাড়ী উপজেলার মনোহারপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনজন পরীক্ষার্থী অংশ নেয়।
নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন পরীক্ষার্থী অংশ নেয়।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা উচ্চ স্কুলে ১২ জন, ব্রাহ্মণপাড়া উচ্চ স্কুলে চারজন, সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে একজন এবং ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে চারজন পরীক্ষার্থী অংশ নেয়।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এএম রাথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন পরীক্ষার্থী অংশ নেয়।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয় ১৯ জন পরীক্ষার্থী, তবে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ স্কুলে চারজন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয়ে সাতজন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঁচজন, তাওরিগাঁ উচ্চ বিদ্যালয়ে পাঁচজন এবং হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনজন পরীক্ষার্থী অংশ নেয়।
এ ছাড়া পঞ্চগড়ের বোদা উপজেলার বালারামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন এবং বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফলে বোর্ডটির সামগ্রিক পাশের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ, যা গত বছরের তুলনায় ৮ দশমিক ৯৮ শতাংশ কম। পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে এবং শূন্য ফলাফল করা বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, দুর্বল ফলাফল করা বিদ্যালয়গুলোর শিক্ষার মান, শিক্ষক সংকট, উপস্থিতি এবং পাঠদানের পরিবেশ নিয়ে বিশেষভাবে পর্যালোচনা করা প্রয়োজন। বোর্ড কর্তৃপক্ষও এসব বিদ্যালয়ের ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।
মতামত