বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে ন্যস্ত করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র আন্দোলন।
সোমবার (১০ আগস্ট) সংগঠনটির তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক শাহ নেওয়াজ সুজন স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানান হয়।
সংগঠনটির সভাপতি ইসমাঈল হোসেন রাহাত ও সেক্রেটারি সুমন হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং মেধাভিত্তিক রাখার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। জাতির ভিত্তি মজবুত করতে হলে শিক্ষা খাতের সর্বোচ্চ মান নিশ্চিত করা জরুরি। শিক্ষক নিয়োগ কোনোভাবেই ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা দলীয় স্বার্থের আওতাভুক্ত হওয়া উচিত নয়। শিক্ষা প্রতিষ্ঠানের মান রক্ষায় শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতার মূল্যায়নই একমাত্র পথ হওয়া উচিত।
তারা বলেন, এনটিআরসিএ'র কেন্দ্রীয় কাঠামোর মাধ্যমে শিক্ষক নির্বাচনের যে ব্যবস্থা চালু রয়েছে, তা অনেকাংশেই স্বজনপ্রীতি ও দুর্নীতি রোধে সহায়ক ভূমিকা পালন করে আসছে। এই কেন্দ্রীভূত ব্যবস্থার পরিবর্তে স্থানীয় পর্যায়ে বা ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা দেওয়া হলে তা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির ঝুঁকি বাড়াতে পারে।
তারা আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং মেধার মূল্যায়ন নিশ্চিত করা। শিক্ষক নিয়োগের মতো একটি সংবেদনশীল ও জাতীয় ইস্যুতে দলীয়করণ বা প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হলে তা জুলাইয়ের ত্যাগের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
বিবৃতির শেষাংশে তারা বলেন, প্রতিহিংসা বা অনিয়মের পুরোনো সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, প্রতিযোগিতামূলক এবং দুর্নীতিমুক্ত করতে হবে। কোনো ধরনের বৈষম্যমূলক পদক্ষেপ এ দেশের সচেতন শিক্ষার্থী ও ছাত্রসমাজ মেনে নেবে না। এই ধরনের বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে এসে শিক্ষা খাতের স্থিতিশীলতা এবং চাকরিপ্রার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন করতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও যৌক্তিক কর্মসূচি ঘোষণা করা হবে।
মতামত