বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শিক্ষার্থীদের আধুনিক ডিজিটাল দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘ডিজিটাল স্কিলস টু সাকসিড (DS2S)’ প্রকল্পের আওতায় ‘মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রাক্কলন অনুযায়ী, বিশ্ববাজার ও শিল্পখাতের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে তরুণদের আধুনিক ডিজিটাল দক্ষতায় পারদর্শী হতে হবে। শুধু একাডেমিক ডিগ্রি বা ফলাফলের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, বেরোবির শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মবাজারের উপযোগী করে গড়ে তুলতে প্রায় দুই হাজার শিক্ষার্থীকে আন্তর্জাতিক মানের মাইক্রো-ক্রেডেনশিয়াল প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্য রয়েছে। এ প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘Digital Skills to Succeed (DS2S) in Asia Project, BRUR Chapter’-এর ফোকাল ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
এ সময় আরও বক্তব্য দেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহজালাল, জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা জিআইজেডের (GIZ) এডুকেশন অ্যান্ড ইয়ুথ অ্যাডভাইজার রুমানা আক্তার, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইয়াসমিন সুলতানা এবং ইংরেজি বিভাগের প্রভাষক ফারহানা মাহজাবীন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
উল্লেখ্য, মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অ-কারিগরি (নন-টেক) বিভাগের শিক্ষার্থীরাও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডেটা এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তি বিষয়ে মানসম্মত প্রশিক্ষণ লাভের সুযোগ পাবেন।
মতামত