বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক দুটি সতর্কতামূলক নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১৬ আগস্ট) প্রক্টর কার্যালয় থেকে নোটিশ দুটি জারি করা হয়। এর একটিতে কীর্তনখোলা নদীতে গোসল ও সাঁতার থেকে বিরত থাকতে এবং অন্যটিতে ক্যাম্পাস-রূপাতলী যাতায়াতে বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহারের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে।
নদীতে গোসল ও সাঁতার প্রসঙ্গে দেওয়া নোটিশে প্রশাসন জানিয়েছে, বর্ষা মৌসুমে কীর্তনখোলা নদীতে স্রোত ও পানির গভীরতা বেড়ে যায়। ফলে নদীতে গোসল, সাঁতার কিংবা অন্য কোনো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড যেকোনো সময় দুর্ঘটনা ও প্রাণহানির কারণ হতে পারে। এ কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
অন্য নোটিশে শিক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বাস সার্ভিস ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, ক্যাম্পাসে যাতায়াতের পথে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয় থেকে রূপাতলী যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা বিবেচনায় প্রশাসনের উদ্যোগে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে।
শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বাস সার্ভিসের সর্বোচ্চ ব্যবহার করার অনুরোধ জানিয়েছে প্রশাসন। পাশাপাশি প্রয়োজন ছাড়া অন্যান্য পরিবহনে চলাচল এড়িয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও কামনা করা হয়েছে। দুটি নোটিশেই শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
নোটিশ দুটিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ।
মতামত