দিনাজপুরের ফুলবাড়ীতে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে মেইল বাসের ধাক্কায় শেফা মনি (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেফা মনি ফুলবাড়ী পৌরসভার উত্তর সুজাপুর এলাকার ইস্তামুলের দ্বিতীয় সন্তান। সে স্থানীয় নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মায়ের সঙ্গে রাস্তা পার হয়ে স্কুলে যাচ্ছিল শেফা। এ সময় দিনাজপুর থেকে বগুড়াগামী একটি মেইল বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় শিশুটি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি থামানো ছাড়াই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ লোকজন মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক বাসটি শনাক্তে তৎপরতা শুরু করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, বাসটি শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত