ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে বহিরাগত কর্তৃক অননুমোদিত ভিডিও ধারণ, শিক্ষার্থীদের সঙ্গে হুমকি-ধামকির অভিযোগ এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৯ আগস্ট) বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়া এক আবেদনে এসব দাবি জানায় তারা।
আবেদনে বলা হয়, গত ১৬ আগস্ট আনুমানিক দুপুর সাড়ে ১টার দিকে অপরিচিত কিছু বহিরাগত ব্যক্তি বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানের ব্যক্তিগত কক্ষে ভাঙচুর করেন। এ ঘটনার পর বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন এবং অধ্যাপক ড. শাহীনুজ্জামান মাহবুবর রহমানের কক্ষে কথোপকথন করছিলেন। এ সময় অপরিচিত এক ব্যক্তি অনুমতি ছাড়া ওই কক্ষে প্রবেশ করে মোবাইল ফোনে কথোপকথনের ভিডিও ধারণ শুরু করেন। শিক্ষক-শিক্ষার্থীরা বিষয়টি লক্ষ্য করে তাকে ভিডিও ধারণ থেকে বিরত থাকার অনুরোধ করলেও তিনি ভিডিও ধারণ অব্যাহত রাখেন। পরে পুনরায় নিষেধ করা হলে ওই ব্যক্তি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে হুমকি-ধামকিসহ উদ্ধত আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেলের একজন কর্মকর্তা ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির মোবাইল ফোন নিরাপত্তা হেফাজতে নেন বলেও আবেদনে দাবি করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনাটিকে কেন্দ্র করে পরবর্তীতে বিভিন্ন মহলে বিভ্রান্তিকর ও গুজবনির্ভর তথ্য ছড়িয়ে পড়ছে। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি স্বাভাবিক শিক্ষার পরিবেশও ব্যাহত হচ্ছে।শিক্ষার্থীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত তথ্য যাচাই ও ঘটনার কারণ উদঘাটন, বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ এবং বিভাগের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে শিক্ষার পরিবেশ ও নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের বিভাগে অননুমোদিত প্রবেশ বন্ধ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত ন্যায়সংগত ব্যবস্থা দাবি জানানো হয়।
মতামত