নোয়াখালীর হাতিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার হরণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার হেলাল উদ্দিন ওই এলাকার বেলায়েত খলিফার ছেলে। স্থানীয়দের দাবি, তিনি আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। সরকার পরিবর্তনের পর তাকে জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে ওই স্কুলছাত্রীকে নিজের ফার্মেসির পেছনে নিয়ে যাওয়ার পর ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি আশপাশের লোকজন জানতে পেরে হেলাল উদ্দিনকে আটক করেন। পরে গ্রাম পুলিশকে খবর দেওয়া হলে তাদের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত