জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদের বিভিন্ন বিভাগের আগের বছরের মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র কিউআর কোডের মাধ্যমে সহজলভ্য করা হয়েছে। এর সঙ্গে কোর্স মেটেরিয়াল, নোট ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীও যুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম এ উদ্যোগ নিয়েছেন।
রোববার (২৩ আগস্ট) শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়।
জানা গেছে, আইন অনুষদের বিভিন্ন বিভাগের আগের বছরের মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে ডিজিটালভাবে সংরক্ষণ করা হয়েছে। পরে এসব প্রশ্নপত্রের সঙ্গে কিউআর কোডের সংযোগ করা হয়। শিক্ষার্থীরা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় প্রশ্নপত্র সংগ্রহ করতে পারবেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরীক্ষার আগে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে আগের বছরের প্রশ্নপত্র সংগ্রহ করতে সময় ব্যয় হয়। কিউআর কোডের মাধ্যমে এক জায়গা থেকে প্রশ্নপত্র পাওয়া গেলে তাঁদের প্রস্তুতি সহজ হবে।
আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষার আগে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের কাছে গিয়ে পুরোনো প্রশ্ন সংগ্রহ করতে হয়। কিউআর কোডের মাধ্যমে সহজেই প্রশ্নপত্র পাওয়া গেলে আমাদের সময় ও ভোগান্তি দুটোই কমবে।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষার প্রস্তুতির জন্য আগের বছরের প্রশ্নপত্র গুরুত্বপূর্ণ। এক জায়গায় প্রয়োজনীয় প্রশ্নগুলো পাওয়া গেলে প্রস্তুতি আরও গোছানোভাবে নেওয়া সম্ভব হবে।’
উদ্যোগের বিষয়ে কাজী রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে পরীক্ষার আগে প্রয়োজনীয় প্রশ্নপত্র সংগ্রহ করতে শিক্ষার্থীদের যাতে ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী এ ধরনের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।’
মতামত