জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী ১২৭তম নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট ২০২৬) পুরনো প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে দুই দিনব্যাপী এ আয়োজনের সূচনা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে উদ্বধনি বক্তব্যে বলেন,
“আমাদের নজরুল গবেষণা কেন্দ্রের একমাত্র উদ্দেশ্য হলো নজরুলকে হাইলাইট করা এবং বিশ্বের যত নজরুল গবেষণা কেন্দ্র আছে, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। এর মধ্যে স্বনামধন্য নজরুল গবেষকদের আমাদের প্রতিষ্ঠানে আমন্ত্রণ জানানো এবং বিশেষজ্ঞদের এখানে এনে এক মাস, দুই মাস কিংবা ছয় মাস যতদিনই হোক তাঁদের নিকট থেকে তথ্য ও গবেষণার উপকরণ সংগ্রহ করার চেষ্টা করা, যাতে আমাদের নজরুল গবেষকরা তাঁদের নিকট থেকে কিছু শিখতে পারে।
তিনি আরও বলেন,”আমাদের নজরুল গবেষণা কেন্দ্রটি শুধু এই বিশ্ববিদ্যালয়ের নয়; এটি হবে সারা বাংলাদেশের নজরুল গবেষণা কেন্দ্রগুলোর প্রাণকেন্দ্র। কারণ, উই আর দ্য অফিসিয়ালি রেজিস্টার্ড ‘নজরুল ভ্যানগার্ড’।”
এছাড়া নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে দুই গুণী ব্যক্তিকে 'নজরুল পদক ২০২৬' প্রদান করা হয়। গবেষণায় বিশিষ্ট নজরুল-গবেষক আবদুল হাই শিকদার-এর হাতে পদক তুলে দেন উপাচার্য। সংগীতে প্রখ্যাত নজরুল-শিল্পী শবনম মুশতারীকে এই পদকের জন্য মনোনীত করা হলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি; পরবর্তীতে তাঁর পদক তাঁর নিকট পৌঁছে দেওয়া হবে।
ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের মহাসচিব প্রকৌশলী রাশেদুল হাসান শেলী। স্বাগত বক্তব্য দেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে ‘গাহি সাম্যের গান’ প্রকাশনার মোড়ক উন্মোচন এবং আন্তর্জাতিক নজরুল-বক্তৃতামালার বিভিন্ন অধিবেশনে বরেণ্য গবেষকদের প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
মতামত