নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রগতি সাংস্কৃতিক গোষ্ঠীর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্য, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রগতি সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি বাবু বসন্ত কুমারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূর হোসাইন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহিদ উল্যাহ এবং বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রগতি সাংস্কৃতিক গোষ্ঠীর সহসভাপতি আবদুল মান্নান বাবলু, সহসভাপতি শহিদুল্লাহ মিন্টু, সহসাধারণ সম্পাদক ওমর ফারুক, সিনিয়র সদস্য গোলাম আযম, আবদুল্লাহ আল মামুন, ড. আবু নাছের, ক্রীড়া সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, দপ্তর সম্পাদক গোলাম মাওলা, রায়হান লিটন, সদস্য প্রতিনিধি সালাউদ্দিন সুমন, প্রচার সম্পাদক রিদয়াল হোসেন রাহিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৪৪ বছর ধরে প্রগতি সাংস্কৃতিক গোষ্ঠী সেনবাগের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ, তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটির অবদান রয়েছে।
বক্তারা সংগঠনটির গৌরবময় পথচলা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও ব্যাপকভাবে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ কেক কেটে প্রগতি সাংস্কৃতিক গোষ্ঠীর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪৪তম বর্ষে পদার্পণ উদযাপন করেন। এ সময় উপস্থিত সবাই একে অপরকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
মতামত