রংপুর জেলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও সন্তানসহ চারজন হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন হয়।
এসময় সংগঠনটির সভাপতি পঙ্কজ রায়ের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শোয়াইব বিন আছাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজিদুর রহমানসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা রংপুরের এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধিকে কেন্দ্র করে একটি পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। এ ঘটনায় গ্রেপ্তারকৃত সিদ্ধার্থ, মুগ্ধসহ জড়িত সকল অপরাধীর দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তারা আরও বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। তাই মাদকের বিরুদ্ধে প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। মাদক ব্যাবসা, সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও নিরপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধ দমনে প্রশাসনকে আরও তৎপর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
মতামত