নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর (শিমুলতলী) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—রসপুর গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ জিসান উন নবী (৯) এবং দেলোয়ার হোসেনের ছেলে মো. তাওহিদ ইসলাম (৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই শিশু একই সঙ্গে বাড়ি থেকে বের হয়ে অন্যদের সঙ্গে আত্রাই নদীতে মাছ ধরতে যায়। পরে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে ওই এলাকায় মাছ ধরতে আসা মো. মোশাররফ হোসেন নদীতে জাল ফেললে জালের সঙ্গে দুই শিশুর মরদেহ উঠে আসে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ধামইরহাট থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
মতামত