উজ্জ্বল ভবিষ্যৎ ও নিশ্চিত কর্মসংস্থানের লক্ষ্যে সম্পূর্ণ সরকারি খরচে চার বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (প্রিন্টিং টেকনোলজি)’ কোর্সে ভর্তির দারুণ এক সুযোগ দিচ্ছে রাজধানীর সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট। আধুনিক ও যুগোপযোগী কারিগরি শিক্ষার মাধ্যমে প্রিন্টিং শিল্পে দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে এই কোর্সে শিক্ষার্থী ভর্তির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে কোর্সটিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ১৮ সেপ্টেম্বর (২০২৬) পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।
প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রিন্টিং টেকনোলজি বিভাগের এই বিশেষায়িত কোর্সে মোট ১০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এই কোর্সে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যেকোনো শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের যুগোপযোগী ও বাস্তবমুখী জ্ঞান প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে মানসম্মত ল্যাবরেটরি এবং আধুনিক সিলেবাসের ব্যবস্থা রাখা হয়েছে। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রিন্টিং শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত করে তোলাই এই কোর্সের মূল লক্ষ্য।
দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রিন্টিং শিল্পে বর্তমানে দক্ষ জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। তাই কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর শিক্ষার্থীদের সামনে বহুমুখী ও আকর্ষণীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, পাস করা শিক্ষার্থীরা গ্রাফিক ডিজাইন, প্রি-প্রেস ও কালার, অফসেট ও ডিজিটাল প্রিন্টিং, প্রিন্ট প্যাকেজিং টেকনোলজি, রপ্তানিমুখী এক্সেসরিজ প্রিন্টিং এবং রক্ষণাবেক্ষণ ও কোয়ালিটি কন্ট্রোল খাতে কাজ করার সুযোগ পাবেন।
আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমা অর্থাৎ ১৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ রোডে অবস্থিত ইনস্টিটিউট কার্যালয়ে সশরীরে যোগাযোগ করা যাবে। এছাড়া ভর্তিচ্ছুদের সুবিধার্থে একটি হেল্পলাইন নম্বরও (০১৭৩১-৪০২৩০৩) চালু রেখেছে কর্তৃপক্ষ।
মতামত