জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের সাবেক শিক্ষার্থী মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজু আরাফাত।
শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিভাগের সাবেক শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন ঘিরে সকাল থেকেই সাবেক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নির্বাচনে সহ-সভাপতি পদে তাসনোভা হোসেন, যুগ্ম সম্পাদক পদে জোবায়ের আহমেদ, সরকার সাখাওয়াত হোসেন ও আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে রকি আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে মাসুদ রানা এবং দপ্তর সম্পাদক পদে আবরার জাহিন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আমিরুল ইসলাম এবং আন্তর্জাতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে চপল রহমান নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আরমান আলী, আশিকুর রহমান, কাওছার খান, আতিকুজ্জামান আশিক, সাইফুল ইসলাম, এমএম মুজাহিদ উদ্দিন, আবু ছালেহ আতিফ, সৈকত সাহা, ইব্রাহীম খলিল ও মোশফিকুর রহমান ইমন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজু আরাফাত বলেন, অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করা এবং বিভাগের উন্নয়নে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য। এ দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
নবনির্বাচিত সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। বিভাগের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চান বলেও জানান তিনি।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফুল আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মতামত