ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী “Computational Data Science with R: From Fundamentals to Research Applications” শীর্ষক কর্মশালার সমাপ্তি হয়েছে। গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক কাজে R-এর ব্যাবহারিক প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়।
শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ২০৩ নম্বর কক্ষে এ কর্মশালার সমাপনী দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আর রাফি অয়নের সঞ্চালনায় কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সুমন বিশ্বাস। সহকারী প্রশিক্ষক ছিলেন একই বিভাগের শিক্ষার্থী লতিফুর রহমান ও মাহমুদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান আলী, উপদেষ্টা ড. মোহাম্মদ মিনহাজুল হক, উপদেষ্টা ড. মোহাম্মদ শরীফুল ইসলাম এবং উপদেষ্টা ইঞ্জামুল হক (সজল), পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, সংগঠনটির সভাপতি জুনাইদুল মোস্তফা, সহ- সভাপতি মোবাশ্বির আমিন, সাধারণ সম্পাদক হাসিব মিয়াসহ অন্যান্য শিক্ষার্থীরা।
তিন দিনব্যাপী এ কর্মশালায় R-এর মৌলিক বিষয় থেকে শুরু করে ডেটা র্যাংলিং, ডেটা ভিজ্যুয়ালাইজেশন, স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটিং উইথ আর, মডেলিং অ্যান্ড সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন্স, রিপ্রোডিউসিবল রিসার্চ এবং গবেষণায় R-এর ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়।
সংগঠনটির সভাপতি জুনাইদুল মোস্তফা বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক গবেষণা, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে কাজ করে।’
সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান বলেন, ‘বর্তমান সময়ে গবেষণা ও বৈজ্ঞানিক বিশ্লেষণে ডেটার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক ও গবেষণামুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা প্রয়োজন। R-এর মতো গবেষণাবান্ধব সফটওয়্যারে হাতে-কলমে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ গবেষণা, উচ্চশিক্ষা ও একাডেমিক কার্যক্রমে আরও দক্ষতার সঙ্গে এগিয়ে যেতে পারবে।’
মতামত