দিনাজপুরের ফুলবাড়ীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দ্বীপ সাহা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বারাইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দ্বীপ সাহা ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম কাঁটাবাড়ী গ্রামের দিলীপ সাহার ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে আমবাড়ী থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন দ্বীপ সাহা। বারাইহাট এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তার মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত