শিরোনাম: “৫৫ একরের নতুন সুর: নবীন চোখে আগামীর স্বপ্ন”
জীবন যেন এক অদ্ভুত ‘সুযোগব্যয়’-কিছু ছেড়ে অন্য কিছুকে আপন করে নেওয়ার নীরব হিসাব। ঘর, পরিবার আর চেনা শহরের মায়া পেছনে ফেলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সবুজ আঙিনায় থিতু হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একঝাঁক নতুন স্বপ্নসারথি। ভর্তিযুদ্ধে জয়ী হয়ে অসংখ্য শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে; তার মধ্যে অর্থনীতি বিভাগে যুক্ত হওয়া এই নবীনদের জীবনে প্রিয় ৫৫ একর আজ এনে দিয়েছে জীবনের সর্বোচ্চ ‘উপযোগ ও প্রশান্তি’। অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের ভাষ্যমতে, সেন্ট্রাল লাইব্রেরিতে বসে বই পড়া কিংবা ক্যাফেটেরিয়ার ধোঁয়া ওঠা চায়ের কাপে আড্ডা দেওয়া-সবখানেই এখন নবীন শিক্ষার্থীদের কোলাহল আর চঞ্চল পদচিহ্ন।
কেবল পাঠ্যবইয়ের চাহিদা ও যোগানের বিধি কিংবা গাণিতিক সমীকরণে নিজেদের আটকে না রেখে, মুক্তচিন্তা ও উদ্ভাবনী ভাবনায় পুরো সমাজের অর্থনৈতিক ও সামাজিক সমীকরণগুলো মেলাতে চায় এই তরুণ প্রজন্ম। মুদ্রাস্ফীতি কিংবা বাজারের অস্থিতিশীলতার ভিড়েও মানবকল্যাণের অর্থনীতির পাঠ নিতে তারা প্রস্তুত। শ্রদ্ধেয় শিক্ষকদের অভিভাবকত্ব আর জ্যেষ্ঠদের উষ্ণ সহমর্মিতায় অচেনা ক্যাম্পাসটিকে পরিবার বানিয়ে নিয়ে দেশের অর্থনৈতিক মুক্তি ও নীতিনির্ধারণী ভাবনায় নিজেদের যুক্ত করার হিসাব কষছে অর্থনীতি বিভাগের এই নবীনরা।
অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থীদের মনের সেই আবেগ, প্রাপ্তি-অপ্রাপ্তি এবং আগামীর স্বপ্নের কথামালা সংকলন করে তুলে ধরেছেন একই বিভাগের শিক্ষার্থী মোঃ তায়ীম খান।
"নবীনদের পদচারণায় মুখরিত ৫৫ একর"
নাম:জান্নাতুল ফেরদৌস
বিভাগ:অর্থনীতি
১ম বর্ষ ১ম সেমিস্টার
শিক্ষাবর্ষ ২০২৫-২৬
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
দক্ষিণ বঙ্গের অন্যতম একটি বিদ্যাপীঠ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান চর্চার উন্মুক্ত উদ্যান এখানে শুধুই পাঠ্যবইয়ের মধ্যে জ্ঞান সীমাবদ্ধ থাকেনা।ভর্তি পরীক্ষা যুদ্ধের নির্মম এ সাদা-কালো অধ্যায়কে অতিক্রম করে আজ আমরা প্রিয় ৫৫ একরের রঙিন আঙিনায়।সবুজে ঘেরা এ ৫৫ একরের শিক্ষাঙ্গনটি নিয়ে হাজারো শিক্ষার্থী স্বপ্নবোনা, রয়েছে আবেগ ও ভালোবাসা।এমন স্বপ্নসারথীদের মাঝে আমিও ব্যতিক্রম নই।জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছি মনে শত কৌতুহল ও উচ্ছ্বাস নিয়ে। বিশ্ববিদ্যালয় নবীনদের আগমনে ফিরে পেয়েছে নতুন প্রাণ, যেনো উৎসব লেগেছে ৫৫একরে। তাইতো নবীনদের বরণ করতে কেন্দ্রীয় লাইব্রেরীর কদম গাছটা তার ফুলের সৌরভে মুখোরিত করছে,নবীনদের দেখেই যেনো হাসছে ক্যালিফোর্নিয়া রোডের সেই ভৃঙ্গরাজ ফুলটি, গান শোনাচ্ছে কফি হাউজের পাশে বসে থাকা চড়ুইপাখি গুলো,বাতাসে ঢেউ তুলে নৃত্য করছে লেকের পানি।বন্ধুর সাথে ক্যাফেটেরিয়ার ধোঁয়া উড়া চায়ের কাপের সাথে যেনো উড়ে যায় সকল ক্লান্তি। কেন্দ্রীয় মাঠের নরম দূর্বাঘাসের ওপর বসে রচিত হচ্ছে নতুন নতুন স্বপ্ন। আর হলুদ বাতির নিচে বই খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কালো শব্দগুলোর দিকে ঝুকে আছে জ্ঞান পিপাসুরা। প্রিয় ক্যাম্পাসের এমন সব চিত্র দেখে আমি বিমোহীত। নবীন শিক্ষার্থীরা আজ হয়তো পুষ্পমুকুল তবে সময়ের ধারাবাহিতায় তারা ফুটে উঠবে পূর্ণাঙ্গ পুষ্পে।তার সৌরভে সুরভিত করবে দেশও জাতিকে।এটা আমার একান্ত প্রত্যাশা। এরই মাঝে কংক্রিটের ভবন, নির্জীব শ্রেণিকক্ষ,উত্তপ্ত দুপুরের রোদে পোড়া রাস্তা,হিমেল হাওয়ায় মুখরিত করিডোর, বন্ধুদের সাথে চায়ের আড্ডায় তৈরি হবে হাজারো স্মৃতি। মানুষের জীবনে সুযোগব্যয়টি অতোপ্রতোভাবে জড়িত।মানুষ একসাথে সবকিছু কখনোই লাভ করতে পারেনা। তাই সব পাওয়া না পাওয়া নিয়ে আমার প্রিয় ৫৫ একর আমার কাছে অন্যতম।বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনটি নবীনদের জন্য বিশেষ একটি দিন। যেখানে থাকে কৌতুহল,নতুন পরিবেশ, অপরিচিত মখ,সংকোচ বোধ সব কিছু মিলে জড় হয় ভীতি , জড়তা।তবে এগুলো আমি কাটিয়ে উঠেছি শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীদের বন্ধুসুলভ আচরণ,তাদের দেওয়া দিকনির্দেশনা,ক্যাম্পাসের বড় ভাই-বোনেদের সৌহার্দ পূর্ণ আচরণ, শাসন-ভালোবাসা,সহপাঠীদের সঙ্গও তাদের সহযোগী মনোভাবের মাধ্যমে।এমন শিক্ষার্থীবান্ধব পরিবেশ আমাকে আকৃষ্ট করছে বার বার। এটা যেনো আমার আরেকটি পরিবার। জীবনের সব থেকে সুন্দর পরিচয়ের মধ্যে একটি হলো আমি একজন শিক্ষার্থী। আর এই ৫৫ একরের সাথে নিজের নতুন পরিচিতি তৈরি করে আমি গর্বিত। জি জে বেইলি বলেছেন "শিক্ষিত জাতিই নিঁখুত গণতন্ত্রের সুন্দর লজ্জামুক্ত জিনিস উপহার দিতে পারে"।তাই আমরা আশাবাদী আমাদের বিজ্ঞ শিক্ষক মণ্ডলীরা আমাদের সার্বিক বিকাশে সর্বদা সহযোগিতা করবেন।
অনুভূতি প্রকাশের অন্তিম পর্যায়ে আমি বলতে চাই,ছোট্ট এই ক্যাম্পাসটি আমার সংক্ষিপ্ত জীবনের অন্যতম সুন্দর স্মৃতি হয়ে থাকবে আমৃত্যু।
শিরোনাম: " নবীনদের পদচারণায় মুখরিত ৫৫ একর"
নাম : বন্যা বিশ্বাস
বিভাগ : অর্থনীতি
১ম বর্ষ ১ম সেমিস্টার
শিক্ষাবর্ষ ২০২৫-২৬
নবীনদের পদচারণায় মুখরিত ৫৫ একর
একটি ক্যাম্পাস কখনো শুধু ভবন, রাস্তা কিংবা সবুজের সমষ্টি নয়; ক্যাম্পাসের আসল প্রাণ তার মানুষ, তাদের স্বপ্ন আর পদচারণায়। সেই প্রাণের স্পন্দনেই আজ নতুন করে জেগে উঠেছে আমাদের প্রিয় ৫৫ একর। নতুন মুখ, নতুন কণ্ঠ আর অগণিত স্বপ্নের মেলবন্ধনে নবীনদের আগমনে ক্যাম্পাস যেন লিখতে শুরু করেছে নতুন এক গল্প।
গতকাল পর্যন্ত যে বিশ্ববিদ্যালয় ছিল দূর থেকে দেখা এক স্বপ্ন, আজ সেটিই আমাদের প্রতিদিনের ঠিকানা। প্রথমবার ক্যাম্পাসের পথে হাঁটার অনুভূতিটা তাই কেবল আনন্দের নয় এর সঙ্গে মিশে থাকে বিস্ময়, অচেনাকে চেনার আগ্রহ আর নিজের ভবিষ্যৎকে নতুন করে কল্পনা করার সাহস।
এই স্বপ্নযাত্রায় আমিও একজন নবীন অর্থনীতি বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অর্থনীতি শুধু বইয়ের পাতায় থাকা চাহিদা-যোগান, বাজার কিংবা সংখ্যার হিসাব নয়; এটি মানুষ, সমাজ ও ভবিষ্যৎকে বোঝার এক অনন্য জানালা। আর সেই জানালার সামনে দাঁড়িয়ে শুরু হয়েছে আমাদের নতুন পথচলা।
ক্যাম্পাসের প্রতিটি করিডোর, প্রতিটি বেঞ্চ, প্রতিটি পরিচিত হতে থাকা মুখ সবকিছুই ধীরে ধীরে হয়ে উঠছে আমাদের স্মৃতির অংশ। প্রথম ক্লাসের কৌতূহল, অচেনা সহপাঠীর সঙ্গে পরিচয়, সিনিয়রদের আন্তরিকতা কিংবা হঠাৎ জমে ওঠা আড্ডা ছোট ছোট এই মুহূর্তগুলোই একদিন হয়ে উঠবে সবচেয়ে বড় স্মৃতি।
আজ ৫৫ একর শুধু নবীনদের পদচারণায় মুখর নয়; মুখর তাদের স্বপ্নে। কেউ এখানে নিজের পরিচয় তৈরি করতে এসেছে, কেউ ভবিষ্যৎ বদলাতে, কেউবা নিজের সামর্থ্যকে ছাড়িয়ে যেতে। সময় আমাদের বদলে দেবে, কিন্তু এই শুরুর দিনগুলো থেকে যাবে হৃদয়ের পাতায়।
একদিন হয়তো আমরা সবাই পেছনে ফিরে তাকাব। তখন মনে হবে সাফল্যের গল্পটা আসলে শুরু হয়েছিল সেদিনই, যেদিন প্রথমবার ৫৫ একরের পথে পা রেখেছিলাম।
শিরোনামঃ নবীনদের পদচারণায় মুখরিত ৫৫ একর
নাম: Md. Emon Hasan Dipu
বিভাগ: Economics
১ম বর্ষ ১ম সেমিস্টার
শিক্ষাবর্ষ: ২০২৫-২০২৬
কিছু জায়গা প্রথম দেখাতেই আপন হয়ে যায়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৫ একরও যেন আমার কাছে তেমনই এক জায়গা। দীর্ঘ অপেক্ষা আর নানা ধাপ পেরিয়ে যখন প্রথমবার ক্যাম্পাসে পা রাখলাম, মনে হচ্ছিল এতদিন যে স্বপ্নটাকে দূর থেকে দেখেছি, আজ আমি তারই অংশ। চারপাশে অচেনা মুখ, নতুন ভবন, সবুজের ছোঁয়া আর প্রাণচঞ্চল পরিবেশ সবকিছু মিলিয়ে প্রথম দিনটিই হয়ে উঠেছিল বিশেষ।
২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনদের পদচারণায় ৫৫ একর যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। প্রতিটি পথে নতুন মুখ, প্রতিটি আড্ডায় নতুন পরিচয়। আমিও সেই নবীনদের একজন। নতুন বন্ধু, নতুন শিক্ষক আর নতুন পরিবেশকে ঘিরে মনের ভেতর কাজ করছিল আনন্দ, কৌতূহল আর একরাশ উত্তেজনা।
Orientation-এর দিনটির অনুভূতিও ছিল অন্যরকম। নিজের বিভাগের শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে প্রথম পরিচয়, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে জানা এবং ভবিষ্যতের পথচলা নিয়ে শিক্ষকদের কথা শোনা সব মিলিয়ে সেদিন মনে হয়েছিল, সত্যিই এবার আমার বিশ্ববিদ্যালয় জীবন শুরু হলো। অচেনা মানুষগুলোও যেন মুহূর্তেই পরিচিত হয়ে উঠছিল।
এই নতুন পথচলায় আমার ঠিকানা অর্থনীতি বিভাগ। অর্থনীতি শুধু সংখ্যা কিংবা বাজারের হিসাব নয়; মানুষের জীবন, সমাজ ও রাষ্ট্রকে বোঝারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই Economics-এর একজন নবীন হিসেবে নতুন কিছু শেখা, ভাবা এবং নিজেকে গড়ে তোলার স্বপ্নটাও অনেক বড়।
আজ আমরা এই ৫৫ একরের নবীন। কয়েক বছর পর হয়তো এই পথ, এই আড্ডা, এই ক্লাসরুম আর পরিচিত মুখগুলোই হয়ে উঠবে আমাদের সবচেয়ে প্রিয় স্মৃতি। ৫৫ একর তখন শুধু একটি ক্যাম্পাসের নাম থাকবে না; হয়ে উঠবে আমাদের তারুণ্য, বন্ধুত্ব আর স্বপ্নের গল্প।
"নবীনদের পদচারণায় মুখরিত ৫৫ একর"
নাম:মারজানা
বিভাগ:অর্থনীতি
১ম বর্ষ ১ম সেমিস্টার
শিক্ষাবর্ষ:২০২৫-২০২৬
নতুন স্বপ্ন, নতুন আকাঙ্ক্ষা আর অজানাকে জানার কৌতূহল থেকেই বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা। প্রতিবছর ভর্তি পরীক্ষা, ভর্তি কার্যক্রম শেষে দীর্ঘ প্রতীক্ষার পর একদল নতুন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রাখে। এই নবীনদের পদচারণায় যেন ক্যাম্পাসগুলো মুখরিত হয়ে ওঠে। ঠিক তেমন নবীনদের পদচারণায় এই ৫৫ একরও যেন ফিরে পেয়েছে নতুন প্রাণ।
বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনটি যেন নবীনদের কাছে জীবনের একটা নতুন অধ্যায়। নতুন পরিবেশ, নতুন মুখ, নতুন বন্ধু—সবকিছু মিলে একটি সুন্দর অনুভূতি। তবে নবীনদের মধ্যে ভীতির অনুভূতিও তৈরি হয়। নতুন পরিবেশ ও অপরিচিত মানুষের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে কিছুটা সংকোচ কাজ করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সংগঠন ও বন্ধুত্ব তৈরি হওয়ার মাধ্যমে এই ভীতিগুলো দ্রুত কাটিয়ে ওঠা যায়।
বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিতরুণের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এখানে এসে একজন শিক্ষার্থী নিজেকে বিভিন্ন বিষয়ে দক্ষ করে তুলতে পারে, নিজের চিন্তা-চেতনাকে বিকশিত করার সুযোগ পায়। স্বাধীনভাবে নিজের দায়িত্ব নিজে নিতে শেখে। এই স্বাধীনতার মধ্যেই কর্তব্যবোধ কাজ করে। সময় সম্পর্কে সচেতনতা, পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, পারস্পরিক মূল্যবোধ—এসব বিষয় একজন শিক্ষার্থীকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। অর্থাৎ, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু মানে ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি।
একটি বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীর পরিচয়ের অংশ। ঠিক তেমনই একটি বিশ্ববিদ্যালয়ের সুনাম নির্ভর করে শিক্ষার্থীদের ভালো ফলাফলের ওপর। তাই আজ যারা নবীন এই ৫৫একরে , তারা নিজেদের স্বপ্ন, মেধা ও সাফল্যে নিজেদের পরিচয়ই গড়ে তুলবে না, গড়ে তুলবে এই ৫৫ একরের পরিচয়কেও এবং গর্বিত করবে এই ৫৫একরের বিশ্ববিদ্যালয়কে।
★নবীনদের পদচারণায় মুখরিত ৫৫ একর।★
নাম- মো: আয়ান
বিভাগ- অর্থনীতি
১ম বর্ষ ১ম সেমিস্টার
শিক্ষাবর্ষ- ২০২৫-২৬
রাত ১১:৩০ মিনিট, সিলেট রেলস্টেশন। প্ল্যাটফর্ম জুড়ে হলুদ আলো।ট্রেন ছাড়ার ঘোষণা শুনছি। আমাকে এগিয়ে দিতে এসেছে আমার দুই বন্ধু, তিনজন পাশাপাশি বসে আছি বেঞ্চে। কারো মুখে কোনো কথা নেই। শুধু চুপচাপ বসে আছি। ঘড়ির কাঁটা টিকটিক করে বাজছে। ট্রেন ছাড়লো। "ভালা থাকিস তোরা, ফোনও কথা হইব" — এইটুকুই। ট্রেন ছেড়ে দিল। জানালা দিয়ে দেখলাম ওরা হাত নাড়ছে। সিলেটের সৌন্দর্য আর বন্ধুদের বিদায় জানালাম। বুঝলাম, বাড়ির পর্ব এবার শেষ। সামনে ৪০০ কিমি পথ পেরিয়ে নতুন ঠিকানা।
সকাল ৯টা, ক্লান্ত শরীরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে পা রাখলাম আমার স্বপ্নের ৫৫একরে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ম্যাপে ছোট্ট একটা দাগ,কিন্তু আজ এখানে হাজারো নবীনের স্বপ্ন জড়ো হয়েছে। স্বপ্নের এই ক্যাম্পাসে নতুন মুখের মেলা।।
গেটটা দেখে প্রথমে বুক কেঁপে উঠলো। হালকা সাদা রঙের বিশাল তোরণ, সেটার উপরে বড় করে লেখা, 'গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।' কাঁধের ব্যাগটা একটু শক্ত করে ধরলাম, পায়ের নিচে নতুন ক্যাম্পাসের মাটি। ভেতরে পা দিতেই মনে হলো, সিলেটের সব স্মৃতি গেটের ওপাশে অতীত হয়ে গেল। এপাশটা একদম নতুন। সেই সাথে নাকে একটা গন্ধ অনুভব করলাম, নতুন ইট,নতুন রঙ আর নতুন সম্ভাবনার। ঐ মুহুর্তে বুকের ভেতর দুইটা জিনিস একসাথে কাজ করছিল। একদিকে ভয়- "পারবো তো?" আরেকদিকে অদ্ভুত শান্তি- "এটাই এখন আমার ক্যাম্পাস,প্রাণের ৫৫ একর।"
চোখের পলকেই এক মাস পার করে দিলাম। যে ক্যাম্পাসে প্রথম দিন পা রাখতে ভয় লাগছিল, সেই ক্যাম্পাসের প্রতিটা রাস্তা এখন মুখস্থ। সকালে ক্লাস, দুপুরে ক্যান্টিনে বন্ধুদের সাথে কফি আড্ডা, সবকিছুতেই অভ্যাস হয়ে গেছে। সিলেটের কথা মনে পড়ে, কিন্তু এখন আর আগের মতো এই জায়গাটা অচেনা মনে হয় না। কারন এই ৫৫ একরেও এখন আমার কিছু মানুষ আছে, কিছু স্মৃতি আছে।
নবীনদের পদচারণায় মুখরিত এই ৫৫ একর। আজকে আমাদের পায়ের ছাপই একদিন স্মৃতি হয়ে যাবে। দেয়ালে, বেঞ্চে,ক্যান্টিনের টেবিলে লেগে থাকবে ২০২৫-২৬ সেশনের অর্থনীতি বিভাগের গল্প। আর এই গল্পের একটা চরিত্র হতে পেরে মনে একটা নৈসর্গিক আনন্দ অনুভূত করছি।
মতামত