উৎসবমুখর পরিবেশে প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (TDAA) প্রথম দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনটির প্রস্তাবিত গঠনতন্ত্র নিয়ে আলোচনা, প্রয়োজনীয় সংশোধন ও সংযোজন শেষে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ প্রাঙ্গণে নির্বাচন ও অ্যালামনাই মিলনমেলার আয়োজন করা হয়। এতে সশরীরে উপস্থিত সদস্যদের পাশাপাশি দূরবর্তী সদস্যদের অনলাইনে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনলাইন ও অফলাইন মিলিয়ে নির্বাচনে মোট ৮৭ শতাংশ ভোট পড়েছে।
দিনের প্রথম অধিবেশনে অ্যালামনাই সদস্যদের সামনে সংগঠনের প্রস্তাবিত গঠনতন্ত্র উপস্থাপন করা হয়। এ সময় গঠনতন্ত্রের বিভিন্ন ধারা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। সদস্যরা বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজন শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র অনুমোদন করা হয়।
গঠনতন্ত্র অনুমোদনের পর নির্ধারিত প্রক্রিয়ায় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।
২০২৬-২০২৮ মেয়াদের জন্য নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আহসান হাবীব। সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম শাহীন এবং সাধারণ সম্পাদক মো. এনামুল হাসান কাওছার নির্বাচিত হয়েছেন।
পরিষদের অন্যান্য পদে রয়েছেন—যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, অর্থ সম্পাদক মো. আরিফুর ইসলাম, দপ্তর সম্পাদক মুনতাছরিন রহমান মীম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক জেরিন চাকমা, আইসিটি, প্রচার ও ডকুমেন্টেশন সম্পাদক মিরাজ হোসেন শান্ত এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক মো. ইমাম হোসেন। কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম তাসিন, সৈয়দা কাজরিয়া রহমান প্রথমা ও মো. আলম হোসেন।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা আহ্বায়ক কমিটির প্রধানের নেতৃত্বে শপথ গ্রহণ করেন। শপথ শেষে নবনির্বাচিত পরিষদের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সদস্য, নির্বাচন কমিশন ও নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন উপকমিটির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
নবনির্বাচিত পরিষদের সদস্যরা জানান, নাট্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা জোরদার, সদস্যদের পেশাগত বিকাশে সহায়তা, নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে TDAA কাজ করবে। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে অ্যালামনাইদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
প্রথম দ্বিবার্ষিক নির্বাচন ও গঠনতন্ত্র অনুমোদনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন TDAA একটি আনুষ্ঠানিক সাংগঠনিক কাঠামোর অধীনে নতুন যাত্রা শুরু করল।
মতামত