উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য অর্জন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী শামীম রেজা। তিনি সৌদি আরবের কাসিম ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফুল ফান্ডেড মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন।
স্কলারশিপের আওতায় তিনি বৃত্তি ও মাসিক ভাতা পাবেন। মেডিকেল ইন্স্যুরেন্স ছাড়া অন্যান্য সব খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে।এছাড়া, সৌদি আরবের কিং ফাহদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলসে (কেএফইউপিএম) ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডাইরেক্ট পিএইচডির জন্যও ইন্টারভিউ দিয়েছেন তিনি। ফলাফলের অপেক্ষায় আছেন বলে জানান শামীম।
শামীম রেজা তার এই পথচলা শুরুর সম্পর্কে বলেন, “আমার একাডেমিক জীবনের চতুর্থ বছর থেকেই রিনিউএবল এনার্জি ও পেরোভস্কাইট সোলার সেল নিয়ে গবেষণার সঙ্গে যুক্ত আছি। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র প্রকাশের পাশাপাশি পিয়ার রিভিউয়ার হিসেবেও কাজ করেছি।”
তিনি তার এই সাফল্যের কৃতিত্ব জানিয়ে বলেন, “আমার এই সফলতার পেছনে সবচেয়ে বেশি কার্যকর ছিল আমার মায়ের দোয়া। তবে সবচেয়ে বড় আফসোস, আজকের এই সুখবরটি আমি আমার মাকে নিজ মুখে শুনাতে পারলাম না। মায়ের দোয়া সবসময় আমার পথচলার সবচেয়ে বড় শক্তি ছিল। সেই সাথে আমার পরিবার, স্ত্রী, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের ভূমিকাও অপরিসীম।”
দীর্ঘ সংগ্রামের কথা জানিয়ে তিনি বলেন, “সফলতার কোনো শর্টকাট নেই। প্রায় দুই বছর ধরে বিদেশে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করে আসছি। জাপান, রোমানিয়া, আমেরিকা ও মালয়েশিয়াসহ অনেকগুলো সুযোগে প্রত্যাখ্যাত হয়েছি, কিন্তু কখনো হাল ছাড়িনি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার পরিশ্রমের ফল পেয়েছি।”
তিনি বিশ্বাস করেন যে, “সফলতার জন্য তাহাজ্জুদ, পাঁচ ওয়াক্ত নামাজ, নিজের লক্ষ্য নির্ধারণ করে সেই ক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার জীবনে এই বিষয়গুলো আমাকে প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যেতে সাহস দিয়েছে।”
মতামত