বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর ও আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরগুনার বেতাগীতে উপজেলা শ্রমিক দলের সার্বিক উদ্যোগে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নির্ধারিত বর্ণাঢ্য র্যালি ও স্মৃতি আলোচনা সভা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যেই বেতাগী উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ের সামনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, গত ০১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অতিক্রান্ত হলেও তা বর্ণাঢ্যভাবে উদযাপনের অংশ হিসেবে আগামী ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বেতাগীতে এক বিশাল আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটিকে সুসংগঠিত ও স্মরণীয় করতে সংগঠনের প্রতিটি পর্যায়ের কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব কামাল হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় উপজেলা বিএনপি, শ্রমিক দল এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ১নং বিবিচিনি ইউনিয়ন থেকে শুরু করে ০৭নং সরিষামুড়ি ইউনিয়ন পর্যন্ত প্রতিটি ইউনিয়নের সকল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা মাথায় লাল ফিতা বেঁধে ঐক্যবদ্ধভাবে সভায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব কামাল হোসেন খান বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকীর এই ঐতিহাসিক আয়োজনকে সফল করতে হলে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে কাজ করতে হবে। আগামী ০৬ সেপ্টেম্বরের বর্ণাঢ্য র্যালি ও স্মৃতি আলোচনা সভাকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে বেতাগী উপজেলা শ্রমিক দল সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।"
সভায় উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার আদায় এবং দলকে পুনরুজ্জীবিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। আগামী ৬ সেপ্টেম্বরের প্রতিটি কর্মসূচি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য বিনীত আহ্বান জানানো হয়।
মতামত