চট্টগ্রামের বোয়ালখালীতে এমদাদুল ইসলাম হাবিব (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর গোমদণ্ডী বাংলা পাড়া এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, পরিত্যক্ত ঘরটি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি তাদের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।
নিহত এমদাদুল ইসলাম হাবিব ওই এলাকার মৃত শফিদুল ইসলামের ছেলে।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) হায়াত জানান, খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। সর্বশেষ গত রোববার তাকে দেখা গিয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব দীর্ঘদিন ধরে পরিবার থেকে আলাদা অবস্থায় ওই এলাকায় বসবাস করতেন। তিনি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। জঙ্গলের ভেতরে একটি পরিত্যক্ত বাড়ির ছোট একটি কুঁড়েঘরে তিনি থাকতেন।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।’
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত