জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ‘ফ্রি কুরআন শিক্ষা কোর্স’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ আদায় ও দোয়ায় অংশ নেন মুফতি ফয়জুল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ে কুরআন শিক্ষা কার্যক্রম চালু হওয়ায় তিনি এর সফলতা কামনা করেন। কার্যক্রমটি সফলভাবে পরিচালনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এ সময় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম কুরআনের শিক্ষা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তিনি কুরআনকে হেদায়েতের কিতাব হিসেবে উল্লেখ করে এর শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীরা বিনামূল্যে শুদ্ধভাবে কুরআন শেখার সুযোগ পাবেন। প্রশিক্ষক হিসেবে বাংলাদেশের কুরআন শিক্ষা বোর্ডের অভিজ্ঞ শিক্ষকরা যুক্ত থাকবেন।
জোহরের নামাজ শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইসলাহী বয়ান রাখেন মুফতি ফয়জুল করিম। এতে কুরআন-সুন্নাহর শিক্ষা, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ এবং ব্যক্তিজীবনে ইসলামী আদর্শ অনুসরণের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়।
মতামত