রণাঙ্গন থেকে দাবানল—উত্তরাঞ্চলের সাংবাদিকতার এক সাহসী নির্মাতা
আজ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক খন্দকার গোলাম মোস্তফা বাটুলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী
মুক্তিযুদ্ধের উত্তাল রণাঙ্গন থেকে সংবাদপত্রের পাতায় সত্য ও মানুষের অধিকার তুলে ধরার যে সাহসী অভিযাত্রা, তার অন্যতম নির্মাতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও সাংবাদিক খন্দকার গোলাম মোস্তফা বাটুল। তাঁর হাতে জন্ম নেওয়া ‘রণাঙ্গন’ ও ‘মহাকাল’ পেরিয়ে আজকের ‘দৈনিক দাবানল’—উত্তরাঞ্চলের সাংবাদিকতার ইতিহাসে সৃষ্টি করেছে একটি স্বতন্ত্র অধ্যায়।
আজ ৩ সেপ্টেম্বর তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ৩ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই নির্ভীক কলমযোদ্ধা। তাঁর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করছে রংপুরের সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন।
মুক্তিযুদ্ধের আগে থেকেই সংগ্রামে
১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বুজরুক ঝালাই গ্রামে জন্মগ্রহণ করেন খন্দকার গোলাম মোস্তফা বাটুল। তাঁর বাবা ছিলেন এলএমএফ চিকিৎসক ডা. মোজাম্মেল হক খন্দকার এবং মা মাজেদা বেগম।
কোনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবনের সূচনা। পরে রংপুরের কৈলাশরঞ্জন উচ্চবিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬০ সালে ম্যাট্রিক পাস করে কারমাইকেল কলেজে ভর্তি হওয়ার পর থেকেই রাজনীতি, ছাত্র আন্দোলন ও সমাজ পরিবর্তনের চেতনায় সক্রিয় হয়ে ওঠেন তিনি।
পাকিস্তানি শাসন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে ১৯৬৪ সালে গ্রেপ্তার হয়ে প্রায় ছয় মাস কারাভোগ করেন। পরবর্তীতে রংপুর কলেজে পড়াশোনার সময় ১৯৬৫-৬৬ সালে জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন।
ছাত্রজীবনেই শ্রমিকদের সংগঠিত করে প্রতিষ্ঠা করেন রংপুর-দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়ন। শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে ১৯৭০ সালেও তাঁকে কারাভোগ করতে হয়।
রণাঙ্গন থেকেই সংবাদযাত্রা
মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্বেও খন্দকার গোলাম মোস্তফা বাটুলের ভূমিকা ছিল দৃশ্যমান। ১৯৭১ সালের ১২ মার্চ রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে শ্রমিক জনসভায় পাকিস্তানি পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতার পক্ষে শপথ গ্রহণ করেন তিনি।
২৩ মার্চ শ্রমিকদের মাধ্যমে উত্তরাঞ্চল থেকে পাকিস্তানি শাসকদের জন্য খাদ্যশস্য পরিবহন বন্ধের উদ্যোগ নেন। পরে নিরাপত্তার কারণে ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে সক্রিয় হন।
মুক্তিযুদ্ধের সংবাদ মানুষের কাছে পৌঁছে দিতে ভারতের মুক্তাঞ্চল থেকে ‘মুস্তফা করিম’ ছদ্মনামে প্রকাশ করেন সাপ্তাহিক ‘রণাঙ্গন’। মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষের মনোবল বাড়াতে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যুদ্ধকালেই তিনি অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার গ্রহণ করেন। ‘রণাঙ্গন’ প্রকাশনা ও বিতরণের সঙ্গে যুক্ত খন্দকার বদিউজ্জামান ও নুরুল ইসলাম ঢালী পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন।
‘রণাঙ্গন’ থেকে ‘দাবানল’
স্বাধীনতার পরও থেমে থাকেনি তাঁর সাংবাদিকতার পথচলা। নানা প্রতিকূলতায় ‘রণাঙ্গন’ বন্ধ হয়ে গেলে তিনি প্রতিষ্ঠা করেন সাপ্তাহিক ‘মহাকাল’। এরপর ১৯৮১ সালের ২৭ মে প্রতিষ্ঠা করেন ‘দৈনিক দাবানল’।
এই তিনটি প্রকাশনাকে ঘিরে তিনি উত্তরাঞ্চলে সাংবাদিকতার একটি শক্তিশালী ভিত গড়ে তোলেন। তাঁর প্রতিষ্ঠানে কাজ করে অসংখ্য সাংবাদিক পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন।
এ কারণে খন্দকার গোলাম মোস্তফা বাটুল শুধু সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ছিলেন না, তিনি ছিলেন সাংবাদিক তৈরিরও এক অনন্য কারিগর। তাঁর হাতে গড়ে ওঠা সাংবাদিকদের কর্মযজ্ঞ আজও ছড়িয়ে আছে দেশের বিভিন্ন গণমাধ্যমে।
রাজনীতি ও সমাজসেবাতেও সক্রিয়
সাংবাদিকতার পাশাপাশি সক্রিয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৭৯ সালে মিঠাপুকুর আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। মিঠাপুকুর পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠার উদ্যোগের সঙ্গেও যুক্ত ছিলেন।
শিখা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠা ও বিকাশেও তাঁর অবদান ছিল। এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনি অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননা লাভ করেন।
রেখে গেছেন সাহসী সাংবাদিকতার উত্তরাধিকার
পারিবারিক জীবনেও স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে দায়িত্বশীল জীবন কাটিয়েছেন খন্দকার গোলাম মোস্তফা বাটুল। তাঁর বড় ছেলে খন্দকার মোস্তফা মোর্শেদ ব্যবসার পাশাপাশি ‘দৈনিক দাবানল’-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে যুক্ত রয়েছেন। ছোট ছেলে খন্দকার মোস্তফা সরওয়ার অনু ‘দৈনিক দাবানল’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২০ সালের ৩ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে রংপুরের মুন্সীপাড়া মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুর ছয় বছর পরও রংপুরের সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর শূন্যতা অনুভূত হয়। তবে তাঁর রেখে যাওয়া প্রতিষ্ঠান, গড়ে তোলা সাংবাদিক প্রজন্ম এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম তাঁকে এখনও স্মরণীয় করে রেখেছে।
মতামত