‘আমি পারি—আমি পারবো’—এই প্রত্যয়কে ধারণ করে কিশোরগঞ্জের তাড়াইলে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পুরুড়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জনকারী পাঁচজন এবং জিপিএ-৪ ও তদূর্ধ্ব ফলাফল অর্জনকারী আরও ১৯ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুরুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব পুরুড়া হাই স্কুল (ইউসেপস) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বাবুল টেকনিক্যাল ইনস্টিটিউটের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিরুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবি ফ্যাশন মেকারের চেয়ারম্যান ও সিইও, বাবুল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, জমিদাতা ও চেয়ারম্যান সানাউল হক বাবুল সিআইপি।
আয়োজক সংগঠনের দপ্তর সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পলাশ মিয়া এবং কোষাধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম মিয়া-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন সায়াদ মিয়া ও নওরীন জাহান তোয়া।
প্রধান অতিথির বক্তব্যে সিআইপি সানাউল হক বাবুল বলেন,জীবনে বড় হতে হলে স্বপ্নের পাশাপাশি কঠোর পরিশ্রম,সততা ও অধ্যবসায় প্রয়োজন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি নিজের জীবনের শুরুর দিকের নানা স্মৃতিচারণ করেন।
তিনি বলেন,ছোটবেলায় তাঁদের বাড়ি-ভিটা ছাড়া অন্য কোনো জমি-জমা ছিল না। ভূমিহীন থাকার কারণে সে সময় এলাকায় চলমান একটি সরকারি প্রতিষ্ঠানের সদস্য হওয়ার সুযোগও তাঁদের পরিবার পায়নি। বিষয়টি তাঁকে তখন গভীরভাবে কষ্ট দিয়েছিল। সেই কষ্ট থেকেই তাঁর মনে জেদ তৈরি হয়—হালাল উপায়ে অর্থ উপার্জন করে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। পরিশ্রম ও চেষ্টার ফলে মহান আল্লাহ আজ তাঁকে অনেক কিছু দিয়েছেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,তোমরা স্বপ্ন দেখবে,সেই স্বপ্ন পূরণে পরিশ্রম করবে। জীবনে যত বাধাই আসুক,হাল ছেড়ে দেওয়া যাবে না।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাবুল টেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালক ও পুরুড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আবদুস সাত্তার ভূঁইয়া।এ সময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মহিউদ্দিন নান্টু,হারুন অর রশিদ, সামছুল ইসলাম,শফিক উল্লাহ ও শহিদুল্লাহ।
অনুষ্ঠানের শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ২৪ শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান,শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা,আত্মবিশ্বাস বাড়ানো এবং ভবিষ্যতে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে অনুপ্রেরণা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
মতামত