বরগুনার গৌরীচন্না বাজারের উত্তর পাশে হালিম ডাক্তারের বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চালবোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। দুর্ঘটনায় ট্রাকটির চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, 'শ্রীরামপুর ট্রেডার্স বরগুনা'-এর মালিকানাধীন ট্রাকটিতে প্রায় ৬০০ বস্তা চাল বোঝাই ছিল। পথিমধ্যে গৌরীচন্না বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকে থাকা চালের বস্তাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে এই দুর্ঘটনার পর বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কের নাজুক অবস্থা ও সরু রাস্তার বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সড়কটিতে প্রতিনিয়তই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে বলে জানান এলাকাবাসী।
নিরাপদ সড়ক ও ঝুঁকিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম মনি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সর্বস্তরের জনগণ।
এলাকাবাসীর আকুল আবেদন, বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কটিকে অতি দ্রুত চার লেনে (ফোর লেন) উন্নীত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হয়।
মতামত