কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতে সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও বিভাগ পরিদর্শন করেন তিনি।
অফিস সময় শুরুর পর উপাচার্য বিভিন্ন দপ্তরে সরেজমিনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দাপ্তরিক কার্যক্রম ও অফিসের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় ২২ জন কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়।
পরিদর্শনকালে উপাচার্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং নিয়মিত ও যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা একটি প্রতিষ্ঠানের কর্মদক্ষতা বৃদ্ধির অন্যতম প্রধান শর্ত।
এ সময় যথাসময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও আন্তরিক ও সচেতন হওয়ার নির্দেশনা দেন উপাচার্য।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে।
মতামত