জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো সরকারি ক্রয় কার্যক্রমের অনলাইনভিত্তিক পদ্ধতি ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) পরিসংখ্যান বিভাগের স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটার অ্যান্ড সিমুলেশন ল্যাবে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় ই-জিপির কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করতে সংশ্লিষ্ট সবাইকে ই-জিপি সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।
তিনি বলেন, সরকারি ক্রয় কার্যক্রমকে সুশৃঙ্খল, স্বচ্ছ ও সময়োপযোগী করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ই-জিপি পদ্ধতি সম্পর্কে কার্যকর জ্ঞান অর্জন অপরিহার্য।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ডি-নথি বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করে এর কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে। একইভাবে একাডেমিক ক্ষেত্রে আউটকাম বেজড এডুকেশন (OBE) কারিকুলাম বাস্তবায়নের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে আধুনিক প্রযুক্তিনির্ভর পদ্ধতি চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।
তিনি বলেন, ই-জিপিসহ এসব কার্যক্রম বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা ও মডারেটরের দায়িত্ব পালন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মেজবাহ-উল আজম সওদাগর।
প্রশিক্ষণের প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকিউরমেন্ট ইউনিটের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু হানিফ মৃধা। দ্বিতীয় দিনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থাকবেন সোশ্যাল সিকিউরিটি অডিট ডিরেক্টরেটের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফররুখ আহমেদ।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
মতামত